গুলশান মডেল স্কুলে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠেয় গণভোটে ভোট দেবেন রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি ভোটকেন্দ্রটিতে ভোট দেবেন বলে জানিয়েছে তার প্রেস উইং।

এ দিন সকাল সাড়ে ৭টায় শুরু হবে জাতীয় নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। সারা দেশে ৪২ হাজার ৭৭৯ ভোটকেন্দ্রে একযোগে ভোট নেওয়া হবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এরই মধ্যে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। সব ভোটকেন্দ্রে এরই মধ্যে পাঠানো হয়েছে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ সব নির্বাচনি সরঞ্জাম। সারা দেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব— বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এবারের নির্বাচনে ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যা এ যাবৎকালের যেকোনো নির্বাচনের মধ্যে সর্বাধিকসংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। স্বতন্ত্রসহ মোট প্রার্থীর সংখ্যা দুই হাজারেরও বেশি। আগের জাতীয় নির্বাচনগুলোতে এর চেয়ে বেশি প্রার্থী প্রায় কখনোই দেখা যায়নি।

জুলাই সনদের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ ৯ মাস ধরে ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে। এই সনদের মাধ্যমে আমরা সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement