আদানির বন্ধ ইউনিট পুনরায় সচল, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আদানির বন্ধ ইউনিট পুনরায় সচল, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে। রোববার ভোরে ইউনিটটি চালু করার পর দুপুর ২টা নাগাদ বাংলাদেশে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এ নিয়ে কেন্দ্রটির দুটি ইউনিট থেকে বর্তমানে বাংলাদেশে প্রায় ১ হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে। কর্মকর্তারা জানিয়েছেন, ধীরে ধীরে সরবরাহ আরও বাড়ানো হবে। এতে দেশে লোডশেডিং কিছুটা কমতে পারে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে জানা গেছে, ঝড়ের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় গত ৭ আগস্ট থেকে কেন্দ্রটির উৎপাদন কমে যায়। পরে গত মাসের শেষ দিকে উৎপাদন বাড়িয়ে দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

কয়লা সরবরাহ বাড়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উৎপাদন আরও বাড়ছিল। ওই রাতে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। তবে রাত ১১টার দিকে কারিগরি ত্রুটিতে একটি ইউনিট বন্ধ হয়ে গেলে উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে। এতে দেশে লোডশেডিংও বেড়ে যায়।

আদানির বিদ্যুৎকেন্দ্রটি ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত। ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ডও রয়েছে।

২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে পিডিবি। বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement