গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হয়েছে: মন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় যেন না হয়, সে বিষয়েও সরকার কঠোর নজরদারি করছে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টার, গুলিস্তান বাসস্ট্যান্ড এবং সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এবারের ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে নিরলসভাবে কাজ করছে। মানুষ যেন স্বস্তির সঙ্গে বাড়ি ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে—সেই লক্ষ্যেই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।

মন্ত্রী বলেন, বর্তমানে নির্ধারিত সময় অনুযায়ী বাস চলাচল করছে এবং নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যাতে কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার চাপ যাত্রীদের ওপর না পড়ে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা সমন্বিত তদারকি চালাচ্ছি, যাতে যাত্রীরা কোনো ধরনের ভোগান্তির শিকার না হন। তিনি বলেন, মহাসড়কের বিভিন্ন টোল প্লাজায় রোজাদার যাত্রীদের জন্য সীমিত পরিসরে ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রাপথে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিকটবর্তী হাসপাতালগুলোকে আগাম প্রস্তুত রাখা হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এ ধরনের অনিয়ম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

যানজট এড়াতে আগাম প্রস্তুতির কথাও উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, সম্ভাব্য যানজটপ্রবণ এলাকাগুলো আগেই চিহ্নিত করে সেখানে অতিরিক্ত তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব স্থানে সড়ক নির্মাণ বা সংস্কারকাজ চলছে, সেখানে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সংখ্যক লেন চালু রাখা হয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের সামর্থের সর্বোচ্চ ব্যবহার করে আমরা চেষ্টা করছি এবারের ঈদযাত্রাকে সুন্দর, স্বস্তিদায়ক ও নিরাপদ করতে। আশা করছি, এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না এবং মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে।

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাজার ব্যবস্থাপনায় এআইভিত্তিক নজরদারির পরিকল্পনা সরকারের

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে এআইভিত্তিক পর্যবেক্ষণের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে আমদানিনির্ভর পণ্যের জন্য গড়ে তোলা হবে কৌশলগত মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ), যা

২ ঘণ্টা আগে

আলোকিত মানুষদের স্মরণে

এমন মানুষ আছেন বলেই আমাদের সমাজে এখনো আলোর সম্ভাবনা বেঁচে আছে, মানবতার দীপ এখনো নিভে যায়নি। এই শ্রদ্ধাঞ্জলি তাদের প্রতি আমার হৃদয়ের গভীরতম প্রণতি— যারা নিঃশব্দে মানুষ গড়ে তোলেন, আর সেই মানুষদের মাধ্যমেই গড়ে ওঠে একটি আলোকিত জাতি।

২ ঘণ্টা আগে

পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর বর্তমান পোশাক ও লোগো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আগের ধাঁচের পোশাকে ফেরার বিষয়টি বিবেচনায় রয়েছে, যেখানে প্যান্টের রং খাকি রাখা হবে।

২ ঘণ্টা আগে

বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের তিন মাস টাকা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বন্যায় ক্ষতির মুখে পড়া বোরো চাষিদের জন্য সরকার ক্ষতিপূরণ সহায়তা ঘোষণা করেছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাসের জন্য ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

৩ ঘণ্টা আগে