বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় ‘পুরো সিস্টেমের’: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৪৩
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

বাংলাদেশিদের ভিসা না পাওয়ার দায় কোনো ব্যক্তি বা একটি মন্ত্রণালয়ের নয়, বরং দেশের পুরো সিস্টেমের— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এই দায় আমি স্বীকার করতে রাজি নই। এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায়। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, ব্যক্তিগতভাবে আমারও না।’

বিশ্বজুড়ে বাংলাদেশের জন্য প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু নিজেদের দুর্বলতার কারণেই সেই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ভিসা না পাওয়ার জন্য বাংলাদেশই ‘সম্পূর্ণভাবে দায়ী’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন— জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন, তখন আপনার কাগজপত্র কেউ কেন বিশ্বাস করবে?’

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভিসা বা বিদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি— সবই কাগজপত্রের ভিত্তিতে নির্ধারিত হয়। সেই কাগজপত্র বিশ্বাসযোগ্য করে তোলার দায়িত্ব আমাদেরই। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘কোনো নারী যদি বিদেশে গৃহকর্মীর চাকরিতে যান, অথচ তার ভিসায় লেখা থাকে ফ্রন্ট অফিসার ম্যানেজার— তাহলে ভাবুন, আমরা কী পরিমাণ প্রতারণা করেছি।’

এ ধরনের অনিয়ম বন্ধ না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেন মো. তৌহিদ হোসেন। বলেন, ‘আমরা যতক্ষণ ঘর গোছাতে না পারব, ততক্ষণ এই সমস্যার সমাধান হবে না। সামনে আরও দুঃসময়ও আসতে পারে।’

মতবিনিময় সভায় ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। আমরা গুড ওয়ার্কিং রিলেশন চেয়েছিলাম, কিন্তু সেটা পুরোপুরি সফল হয়েছে— এ কথা বলা যাবে না। সম্পর্কটা এখন কিছুটা থমকে আছে।’

পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ ক্ষেত্রে তিনি কাউকে দোষারোপ করতে চান না। উভয় দেশই নিজ নিজ স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে, তবে স্বার্থের ধারণায় পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়নি।

অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না— এ কথা স্বীকার করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও উন্নত ও মসৃণ হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তী সরকার যেসব আন্তর্জাতিক চুক্তি করছে, তা পরবর্তী সরকারের জন্য বোঝা হবে না। বরং উল্টোটা হবে বলে মনে করেন তিনি। বলেন, ‘আমরা অনেক ইস্যু এগিয়ে দিয়ে যাচ্ছি, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সহজ হয়।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে ইসির শোকজ

নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) সাতটি দল এই হিসাব জমা না দেওয়ায় দলগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

১৩ ঘণ্টা আগে

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

১৪ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৭০০

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬০৯ শিশু, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

১৫ ঘণ্টা আগে

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৭ ঘণ্টা আগে