সালমানের স্টুডিওতে হামলা: প্রধান আসামি শাহরিয়া মাহমুদসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের দায়ের করা মামলার ১ নম্বর আসামি শাহরিয়া মাহমুদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে, শাহরিয়াই ওই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোড থেকে গ্রেপ্তার করা হয় শাহরিয়াকে। তার সঙ্গে আরও গ্রেপ্তার করা হয়েছে ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্নাকে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড ও এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাতে ইসিবি চত্বর এলাকায় সালমানের স্টুডিও ‘ব্রাউনফিশ’ ও নিউগিনি প্রোপার্টিজের অফিসসহ কয়েকটি স্থাপনায় হামলা ও ভাঙচুর হয়।
আলোচিত এ ঘটনা নিয়ে রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ৩৫ কাঠার একটি জমি নিয়ে দুপক্ষের বিরোধ রয়েছে। এক পক্ষ আবাসন কোম্পানি, অন্য পক্ষ অবসরপ্রাপ্ত একজন সিনিয়র সামরিক কর্মকর্তা। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সামরিক কর্মকর্তার পক্ষে কয়েকজন রাতে জমিটি দখল করতে গিয়ে ভাঙচুর চালায়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কোনো মামলা দায়ের করেননি। সুনির্দিষ্ট মামলা করলে তদন্ত করে দেখা যেত। তা না করে ফেসবুক লাইভে বক্তব্য দেওয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। তবে এ ঘটনায় তিনি ‘ভিকটিম’ হয়েছেন।
পরে এক ভিডিওবার্তায় সালমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তিনি বিস্মিত হয়েছেন। একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ঘটনার পেছনে কারা ছিল বা তাদের রাজনৈতিক পরিচয় কী, তা নিয়ে আলোচনার আগে আইনশৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। সালমানের ভাষায়, ‘আমরা এখানে ইনভেস্টিগেশনের জন্য আপনার কাছে আসিনি, আমরা আসছি অ্যাকশনের জন্য।’


-0c1a24.jpg)









-0c1a24-256x144.webp)






