অগ্নিকাণ্ড বাড়ছে, ঈদের পরদিন অন্তত চারটি আগুন

বিশেষ প্রতিনিধি, রাজনীতি ডটকম
রাজধানীর হাজারীবাগে ঝাউচরে টিনশেড বস্তি আগুনে পুড়ে গেছে। ঈদের পরদিন শুক্রবার দুপুর ১২টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসলেও হতদরিদ্র মানুষের মাথা গোঁজার ঠিকানাসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। ছবি: ফোকাস বাংলা

ঈদের পরদিন শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে অন্তত চারটি বড় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এমনকি ঈদের দিনও অন্তত তিনটি অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের প্রকৃত সংখ্যা আরো বেশি, কারণ সব আগুনের খবর গণমাধ্যমে প্রকাশ পায় না।

সাম্প্রতিক সময়ে দেশে অগ্নিকাণ্ড বাড়ছে। বৃহস্পতিবার ঈদের দিন সাভারে ওয়েক্স ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুন লাগে। একই দিন শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি দোকান পুড়ে যায়। এ ছাড়া মানিকগঞ্জের সিংগাইরে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে তিনটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়।

গত তিন বছরের হিসাব থেকে দেখা যায়, এ ধরনের ঘটনা ক্রমাগত বাড়ছে। গ্রীস্মকালের শুরুতেই প্রায় প্রতিদিন দেশের এক বা একাধিক স্থানে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে।

দেশে অগ্নিকাণ্ডের ঘটনা যে বাড়ছে, সেই চিত্র পাওয়া যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিসংখ্যান থেকে।

প্রতিষ্ঠানটির হিসাব বলছে, ২০২৩ সালে দেশে অগ্নিকাণ্ড ছিল ২৭ হাজার ৬২৪টি, ২০২২ সালে ছিল ২৪ হাজার ১০২টি এবং ২০২১ সালে তা ছিল ২১ হাজার ৬০১টি। সর্বশেষ দুটি বড় অগ্নিকাণ্ডে ঢাকায় বেইলি রোডের একটি ভবনে আগুন লেগে ৪৬ জন এবং গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে ১৭ জন প্রাণ হারান।

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

শুক্রবার রাজধানীর মিরপুরের ভাসানটেক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য।

দগ্ধরা হলেন- মেহরুন্নেছা (৬৫), সূর্য বানু (৩০), লিজা(১৮), লামিয়া (৭), সুজন(৯) ও মো. লিটন (৫২)।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মেহরুন্নেসার শরীরের ৪৭ শতাংশ, সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজার ৩০ শতাংশ ও সুজনের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

হাজারীবাগে বস্তি পুড়ে ছাই

রাজধানীর হাজারীবাগে বেলা পৌন ১২টার দিকে একটি বস্তিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, এতে বস্তির বেশকিছু ঘর পুড়ে গেলেও কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বেলা ১১টা ৫০ মিনিটে হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন ঝাউতলা বস্তিতে আগুন লাগে। ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। তবে হতদরিদ্র মানুষের বস্তিঘরগুলো পুড়ে গেছে।

অটোরিকশার গ্যারেজে আগুন

গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকার সাঁতারকুল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার একটি গ্যারেজে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস বেলা দুইটার দিকে ওই আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আগুনে কেউ হতাহত হননি। তবে গ্যারেজে থাকা অন্তত ১৫টি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে গেছে।

এডিবল অয়েল মিলে আগুন

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখন জানা যায়নি।

এর আগে গত ৪ মার্চ কর্ণফুলী নদীর তীরে এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কয়েকদিনের চেষ্টায় গুদামের আগুন নেভানো সম্ভব হয়।

উল্লেখ্য, দেশে ২০১৫ সালের পর থেকে রাজধানী ঢাকার বঙ্গবাজার ও নিউ মার্কেটসহ বেশ কয়েকটি স্থানে বড় অগ্নিদুর্ঘটনা ঘটেছে।

এগুলোর মধ্যে উল্লেখযোগ্য; ২০১৯ সালে পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুনে ৭১ জনের মৃত্যু, বনানীর এফআর টাওয়ারে আগুনে ২৭ জনের মৃত্যু, ২০২১ সালে মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ভবনে আগুনে ১২ জনের মৃত্যু।

এ ছাড়া ২০২১ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুনে অর্ধশতাধিক ব্যক্তি প্রাণ হারান।

গত বছর বঙ্গবাজার কমপ্লেক্সের পাশাপাশি ঢাকা নিউ সুপার মার্কেটসহ আরও পাঁচটি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেও দাবি করেন তারা।

৩ ঘণ্টা আগে

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে

এল নিনো: বন্যা-খরা ও রোগের চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

৪ ঘণ্টা আগে

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪ ঘণ্টা আগে