শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৪ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীদের মিছিল। ছবি: সংগৃহীত

বৃষ্টি-জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানীসহ অন্তত চার জেলায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা না করেই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী জলাবদ্ধতা, যানজটসহ নানা ভোগান্তির শিকার হয়েছেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্ন অতীতের তুলনায় কঠিন হওয়ার অভিযোগও তুলেছেন তারা।

মঙ্গলবার দুপুরে বিক্ষোভরত শিক্ষার্থীরা ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে শিক্ষা বোর্ডের গেটে ধাক্কাধাক্কি ও ইট ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন।

এর আগে সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই এলাকায় সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে ভিসি চত্বরের সামনে পুলিশ বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন।

আন্দোলন শুধু রাজধানীতেই সীমাবদ্ধ থাকেনি। দেশের বিভিন্ন স্থানেও সড়কে নামেন শিক্ষার্থীরা। উত্তরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ময়মনসিংহে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। এ ছাড়া কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা নেওয়ার আগে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাদের দাবি, এমন পরিস্থিতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

এদিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সন্ত্রাস-চাঁদাবাজি দমনে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে দেশ জুড়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

৩ ঘণ্টা আগে

গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি-কার্যকর সুরক্ষা নিশ্চিত জরুরি: আসক

গুম প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; গুমের প্রতিটি অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সত্য জানার অধিকার নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

৪ ঘণ্টা আগে

ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা রয়েছে।

৫ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৭ ঘণ্টা আগে