ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মা-মেয়ে। ফাইল ছবি: সংগৃহীত
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মা-মেয়ে। ফাইল ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬৪ জনে দাঁড়িয়েছে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩২০ জন ঢাকা বিভাগের অন্যান্য এলাকার হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৭১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২১১ জন ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে ২২৫ জন, চট্টগ্রামে ১৯৭ জন, খুলনায় ১৫৫ জন, রাজশাহীতে ১১১ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ২৮ জন এবং সিলেটে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ রোগের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা যায় ২০২৩ সালে।

ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন, যা এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর পরের বছর, অর্থাৎ ২০২৪ সালে, ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। সে বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad