কদমতলী থেকে শিশুকে অপহরণ, ১৭ ঘণ্টার অভিযানে না.গঞ্জ থেকে উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অপহরণের শিকার শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণে অভিযুক্তকে গ্রেপ্তার করে র‍্যাব। ছবি: র‍্যাব
অপহরণের শিকার শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণে অভিযুক্তকে গ্রেপ্তার করে র‍্যাব। ছবি: র‍্যাব

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে অপহরণ করা হয়েছিল ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্র এক শিশুকে। পরিবার ৪০ হাজার টাকা মুক্তিপণ দিলেও শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়নি। পরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) দীর্ঘ ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে শিশুটিকে। একই সঙ্গে অপহরণকারী মোখলেসুর রহমান রাজুকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‍্যাব-১০ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কদমতলী থানার সাদ্দাম মার্কেট এলাকা থেকে ১২ বছর বয়সী ওই মাদরাসাছাত্র নিখোঁজ হয়। ঘটনার পর তার পরিবার কদমতলী থানায় জানায়। পরদিন মঙ্গলবার সকালে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ওই ছাত্রের বাবার মোবাইল নম্বরে কল আসে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।

পরিবার থেকে প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা পাঠানো হলেও শিশুটির জীবননাশের আশঙ্কায় পরিবার বিষয়টি র‍্যাব-১০-কে জানায়। র‌্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। পরবর্তী ১৭ ঘণ্টা ধরে অভিযান চালানো হয়।

শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াপদা কলোনি বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে অপহৃত শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী মোখলেসুর রহমান রাজুকে (২৯) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোখলেসের বিরুদ্ধে একটি সিআর মামলা রয়েছে। উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তার মোখলেসকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement