প্রমোদতরিতে প্রাদুর্ভাব থেকে বিশ্ব জুড়ে আলোচনায়, কতটা বিপজ্জনক হান্টাভাইরাস?

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ মে ২০২৬, ১৮: ৩৩
হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগরের উত্তাল জলরাশির মাঝখানে ভাসছে একটি বিলাসবহুল ডাচ প্রমোদতরি। কিন্তু সেখানে ছিল না অবকাশযাপনের আনন্দ কিংবা সমুদ্রভ্রমণের উচ্ছ্বাস। চারপাশে গভীর সমুদ্র, জাহাজে যাত্রীদের মুখে মাস্ক, ডেকে স্বাস্থ্যকর্মীদের সতর্ক টহল, আর ভেতরে এক অদৃশ্য আতঙ্ক— হান্টাভাইরাস।

কোভিড মহামারির পর সংক্রামক রোগ নিয়ে বিশ্ব যখন এখনো সংবেদনশীল, তখন নেদারল্যান্ডসের প্রমোদতরি ‘এমভি হোন্ডিয়াসে’ এই ইঁদুরবাহিত বিরল হান্টাভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এটি নতুন কোনো মহামারির ইঙ্গিত নয়, তবু আন্তর্জাতিক জলসীমায় একটি ক্রুজশিপকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় এক সতর্কবার্তা হয়ে উঠেছে।

এ পর্যন্ত জাহাজটিতে থাকা এক ডাচ দম্পতি ও একজন জার্মান নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আরও কয়েকজনকে গুরুতর অসুস্থ অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, মোট আটজন আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

তবে এই উদ্বেগজনক পরিস্থিতিতেও ডব্লিউএইচও বলছে— ‘এটি নতুন কোনো কোভিড মহামারির শুরু নয়। এটি এমন একটি প্রাদুর্ভাব, যা কেবল একটি জাহাজে দেখা গেছে।’ তবু প্রশ্ন উঠছে, ঠিক কতটা বিপজ্জনক এই ভাইরাস? আর কেন একটি ক্রুজশিপের সংক্রমণ এখন বৈশ্বিক আলোচনায়?

আতঙ্কে পরিণত বিলাসবহুল ভ্রমণ

পহেলা এপ্রিল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় শহর উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করেছিল এমভি হোন্ডিয়াস। প্রায় ১৫০ জন যাত্রী ও ক্রুকে নিয়ে এটি ছিল এক বিশেষ মেরু অভিযাত্রা। পরিকল্পনা ছিল অ্যান্টার্কটিকা, দক্ষিণ জর্জিয়া ও আটলান্টিকের দুর্গম কিছু অঞ্চল ঘুরে কেপ ভার্দে পৌঁছানো।

যাত্রীদের মধ্যে ছিলেন ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, ফিলিপাইনস, রাশিয়াসহ প্রায় ২৮টি দেশের নাগরিক। কিন্তু সমুদ্রভ্রমণের মাঝপথেই পরিস্থিতি বদলে যায়। ১১ এপ্রিল অজানা কারণে জাহাজে এক ডাচ নাগরিকের মৃত্যু হয়। ২৪ এপ্রিল সেন্ট হেলেনায় ওই ব্যক্তির মরদেহ নিয়ে তার জাহাজ থেকে নেমে পড়েন। আরও সাতজন ব্রিটিশ নাগরিকসহ ৩০ জন যাত্রী নেমে গিয়েছিলেন সেন্ট হেলেনায়।

ডাচ প্রমোদতরি এমভি হোন্ডিয়াস। ছবি: সংগৃহীত
ডাচ প্রমোদতরি এমভি হোন্ডিয়াস। ছবি: সংগৃহীত

পরে ওই ডাচ নারীও জোহানেসবার্গের একটি হাসপাতালে মারা যান। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করে, ৬৯ বছর বয়সী ওই নারী হান্টাভাইরাসে আক্রান্ত ছিলেন। দোসরা মে জাহাজে মারা যান আরও এক জার্মান নাগরিক। বুধবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জাহাজ থেকে নেমে যাওয়া আরও দুই ব্যক্তির শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে।

কেন এত উদ্বেগ?

হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। ইঁদুরের প্রস্রাব, বিষ্ঠা বা লালার মাধ্যমে ভাইরাসটি পরিবেশে ছড়িয়ে পড়ে। দূষিত বাতাস নিশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে সংক্রমণ হতে পারে। ডব্লিউএইচওর তথ্যমতে, ভৌগোলিক অবস্থান ও ভাইরাসের ধরন অনুযায়ী হান্টাভাইরাস বিভিন্ন রোগের জন্ম দিতে পারে। যদিও বিরল, তবুও ইঁদুরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও এটি ছড়াতে পারে।

এই ভাইরাস দুটি গুরুতর রোগ সৃষ্টি করতে পারে। প্রথমটি হলো হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম (এইচপিএস)। এতে সাধারণত শুরুতে ক্লান্তি, জ্বর ও পেশিতে ব্যথা দেখা যায়। পরে মাথাব্যথা, মাথা ঘোরা, কাঁপুনি এবং পেটের সমস্যা দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি বলছে, হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোমে আক্রান্তদের শ্বাসপ্রশ্বাসজনিত উপসর্গ দেখা দিলে মৃত্যুর হার প্রায় ৩৮ শতাংশ।

দ্বিতীয় রোগটি হলো হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম (এইচএফআরএস), যা আরও গুরুতর এবং প্রধানত কিডনিকে আক্রান্ত করে। পরবর্তী উপসর্গের মধ্যে থাকতে পারে নিম্ন রক্তচাপ, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং কিডনি বিকলতা।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস। ছবি : সংগৃহীত
ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস। ছবি : সংগৃহীত

ডব্লিউএইচও জানিয়েছে, এই ভাইরাসের জন্য এখন পর্যন্ত কোনো স্বীকৃত অ্যান্টিভাইরাল ওষুধ বা টিকা আবিষ্কৃত হয়নি। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসের সবচেয়ে বিপজ্জনক দিক হলো— এটি দ্রুত শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা তৈরি করতে পারে।

হান্টাভাইরাস শনাক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর প্রাথমিক লক্ষণগুলো সাধারণ ভাইরাল জ্বরের মতো দেখায়। ডব্লিউএইচওর মতে, ভাইরাসের সংস্পর্শে আসার ১ থেকে আট সপ্তাহের মধ্যে সাধারণত লক্ষণগুলো প্রকাশ পায়। সংক্রমণের শুরুতে উপসর্গগুলো সাধারণ ফ্লুর মতো: জ্বর, ক্লান্তি, পেশিতে ব্যথা, মাথাব্যথা। কিন্তু কয়েক দিনের মধ্যে তা ফুসফুসে পানি জমা, শ্বাসকষ্ট, এমনকি হৃদযন্ত্র বিকল হওয়ার কারণ হতে পারে।

আর সবচেয়ে বড় উদ্বেগ তৈরি করেছে ভাইরাসটির ‘অ্যান্ডিস স্ট্রেইন’। কারণ, সাধারণত হান্টাভাইরাস মানুষ থেকে মানুষে খুব কম ছড়ালেও অ্যান্ডিস স্ট্রেইনের ক্ষেত্রে ঘনিষ্ঠ সংস্পর্শে সংক্রমণের নজির রয়েছে। এমভি হোন্ডিয়াসের ঘটনাতেও সেই স্ট্রেইনের উপস্থিতির কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

'এটি মহামারির শুরু নয়'

কোভিড-১৯ মহামারির স্মৃতি এখনো বিশ্ববাসীর মনে তাজা। তাই একটি আন্তর্জাতিক প্রমোদতরিতে রহস্যজনক ভাইরাস ছড়িয়ে পড়ার খবর মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি করেছে।

সাধারণত হান্টাভাইরাস ইঁদুরজাতীয় প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ালেও সাম্প্রতিক এই প্রাদুর্ভাবে মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণের ঘটনা প্রথমবারের মতো নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। তবে সংস্থাটি বলছে, পরিস্থিতিকে এখনো ‘মহামারি’ হিসেবে দেখার কারণ নেই।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ। ছবি: সংগৃহীত
সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ। ছবি: সংগৃহীত

ডব্লিউএইচওর সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান ক্যারকোহভ বলেছেন, ‘এটি কোভিড কিংবা ইনফ্লুয়েঞ্জার মতো নয়। এই ভাইরাস একেবারেই ভিন্নভাবে ছড়ায়।’ তার ভাষায়, হান্টাভাইরাস ছড়াতে ‘খুব ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ সংস্পর্শ’ প্রয়োজন হয়। ফলে হামের মতো দ্রুত ও ব্যাপক সংক্রমণের আশঙ্কা কম।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস বলেছেন, তারা সামগ্রিকভাবে হান্টাভাইরাসকে জনস্বাস্থ্যের জন্য ‘কম ঝুঁকিপূর্ণ’ বলে মূল্যায়ন করেছেন। তবে ভাইরাসটির সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে বলে ভবিষ্যতে আরও সংক্রমণ শনাক্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তেনেরিফেতে পৌঁছেছে এমভি হোন্ডিয়াস

গতকাল রোববার এমভি হোন্ডিয়াস স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফে পৌঁছেছে। কিন্তু সেটিকে সরাসরি বন্দরে ভিড়তে দেওয়া হয়নি। জাহাজটির চারপাশে এক নটিক্যাল মাইল নিরাপত্তা বলয় তৈরি করা হয়। টহল দেয় পুলিশের নৌ যান। বন্দরে প্রস্তুত রাখা হয় সামরিক পুলিশ, দুর্যোগ মোকাবিলা ইউনিট এবং বিশেষ মেডিকেল টিম। তেনেরিফের ক্যান্ডেলারিয়া হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ আইসোলেশন ইউনিট, ভেন্টিলেটর ও আইসিইউ সুবিধা।

এমভি হোন্ডিয়াস থেকে ছোট ছোট নৌকায় করে যাত্রীদের নামিয়ে আনা হয়। ছবি: এএফপি
এমভি হোন্ডিয়াস থেকে ছোট ছোট নৌকায় করে যাত্রীদের নামিয়ে আনা হয়। ছবি: এএফপি

এ দিন সকালে ছোট ছোট উদ্ধার নৌকায় করে যাত্রীদের ধাপে ধাপে নামানো শুরু হয়। সাদা সুরক্ষা পোশাক পরা কর্মকর্তারা তীরে তাদের গ্রহণ করেন। যাত্রীদের জাতীয়তা অনুযায়ী ভাগ করে পরে চার্টার বিমানে নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া পুরো অভিযানের বর্ণনা দিয়েছেন ‘অভূতপূর্ব’ হিসেবে। তিনি সতর্ক করে বলেন, ‘অতিরঞ্জিত আতঙ্ক, ভুল তথ্য ও বিভ্রান্তি জনস্বাস্থ্য রক্ষার নীতির পরিপন্থি।’

জাহাজে কীভাবে এল এই ভাইরাস?

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস বলেছেন, হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ডাচ দম্পতি এমন কিছু স্থানে গিয়েছিলেন, যেখানে ভাইরাসটি বহনকারী ইঁদুরের একটি প্রজাতির উপস্থিতি ছিল। তবে প্রাদুর্ভাবটি কীভাবে ছড়িয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

ডাচ প্রমোদতরি এমভি হোন্ডিয়াস থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্পেন। ছবি: রয়টার্স
ডাচ প্রমোদতরি এমভি হোন্ডিয়াস থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্পেন। ছবি: রয়টার্স

তিনি আরও জানান, ওই দম্পতি আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়েতে পাখি পর্যবেক্ষণ সফরে বেড়িয়েছিলেন। সে সময় তারা এমন কিছু স্থানে গিয়েছিলেন, যেখানে হান্টাভাইরাস বহন করে, ইঁদুরের এমন একটি প্রজাতির উপস্থিতি ছিল। তাদের যাতায়াত সম্পর্কে বিস্তারিত জানতে আর্জেন্টিনার সঙ্গে কাজ করছে ডব্লিউএইচও।

চিকিৎসা কতটা কঠিন?

হান্টাভাইরাসের সবচেয়ে ভয়ংকর দিকগুলোর একটি হলো— এর নির্দিষ্ট কোনো ওষুধ বা টিকা নেই। চিকিৎসা মূলত উপসর্গভিত্তিক। গুরুতর রোগীদের অক্সিজেন, ভেন্টিলেশন, আইসিইউ সাপোর্ট এমনকি ডায়ালাইসিসও প্রয়োজন হতে পারে।

উপসর্গ অনুযায়ী সহায়ক চিকিৎসার পরামর্শ দেয় সিডিসি, যার মধ্যে থাকতে পারে অক্সিজেন থেরাপি, মেকানিক্যাল ভেন্টিলেশন, অ্যান্টিভাইরাল ওষুধ এবং এমনকি ডায়ালাইসিস। গুরুতর উপসর্গ থাকা রোগীদের আইসিইউতে ভর্তি করতে হতে পারে। মারাত্মক ক্ষেত্রে কারও কারও ইন্টিউবেশন বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস প্রয়োজন হতে পারে।

ভাইরাসে সংক্রমণের ঝুঁকি কমাতে সিডিসি বাড়ি বা কর্মস্থলে ইঁদুর নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে থাকে। সংস্থাটি আরও বলেছে, যেসব জায়গা দিয়ে ইঁদুর ঘরে ঢুকতে পারে, যেমন বেসমেন্ট বা চিলেকোঠার প্রবেশপথ বন্ধ করে দিতে হবে। ইঁদুরের মল পরিষ্কার করার সময় দূষিত বাতাস শ্বাসের মাধ্যমে শরীরে ঢোকা এড়াতে মাস্ক বা সুরক্ষামূলক পোশাক ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ব জুড়ে কতটা ছড়িয়েছে এই ভাইরাস?

হান্টাভাইরাস নতুন নয়। প্রতি বছর বিশ্ব জুড়ে এই ভাইরাসে প্রায় দেড় লাখ মানুষের সংক্রমণের তথ্য পাওয়া যায়। সবচেয়ে বেশি সংক্রমণ ঘটে এশিয়া ও ইউরোপে, বিশেষ করে চীনে।

হান্টাভাইরাসের একটি প্রধান ধরন সিউল ভাইরাস বহন করে নরওয়ে ইঁদুর, যা ব্রাউন র‍্যাট নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী এই ইঁদুর দেখা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯৯৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাত্র ৮৯০ জনের হান্টাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটি ভয়ংকর হলেও খুব সহজে ছড়ায় না— এটিই এখন পর্যন্ত বিশেষজ্ঞদের সবচেয়ে বড় আশ্বাস।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রী বেটসি আরাকাওয়া শ্বাসজনিত রোগে মারা যান। চিকিৎসা তদন্তকারীদের তখন ধারণা করেছিলেন, যুক্তরাষ্ট্রে হান্টাভাইরাসের সবচেয়ে সাধারণ ধরন এইচপিএসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। যে বাড়িতে তাকে পাওয়া যায়, সেখানে বাইরের অন্যান্য ঘরে ইঁদুরের বাসা ও কিছু মৃত ইঁদুর পাওয়া যায়।

কোভিড-পরবর্তী পৃথিবীর নতুন বাস্তবতা

এমভি হোন্ডিয়াসের ঘটনা আবারও মনে করিয়ে দিল, বৈশ্বিক ভ্রমণব্যবস্থা ও সংক্রামক রোগ এখন কতটা গভীরভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। একটি জাহাজে সংক্রমণ শুরু হয়ে কয়েক দিনের মধ্যেই তা ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে নিয়ে গেছে।

কোভিড-পরবর্তী বিশ্বে মানুষ এখন আর ‘দূরের কোনো ভাইরাস’কে দূরের সমস্যা হিসেবে দেখতে পারে না। তবু বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়— সতর্কতাই এখন সবচেয়ে জরুরি। কারণ, এবারের মতো এমভি হোন্ডিয়াসের সমুদ্রযাত্রা হয়তো শেষ হচ্ছে, কিন্তু ভাইরাস, বৈশ্বিক ভ্রমণ ও জনস্বাস্থ্যের জটিল সম্পর্ক নিয়ে নতুন যে প্রশ্নগুলো উঠে এসেছে— সেগুলোর উত্তর খোঁজা এখনো বাকি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামায়াতের নিবন্ধনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে গত বছর ১ জুন রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ। আজ সোমবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

৪ ঘণ্টা আগে

চার সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পরপর হামের টিকাদান কার্যক্রম পরিচালনার কথা থাকলেও ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়নি। ফলে শূন্য থেকে পাঁচ বছর বয়সী বিপুলসংখ্যক শিশু টিকার আওতার বাইরে থেকে যায়। এর ফলেই বর্তমানে হামের সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে।

৪ ঘণ্টা আগে

সাংবাদিক শাকিল-ফারজানার জামিন, তবে মিলছে না মুক্তি

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।

৫ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও ময়মনসিংহে ১ শিশু মারা গেছে। এদের কারও হাম শনাক্ত হয়নি।

৬ ঘণ্টা আগে