চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা হচ্ছে, অপরাধ দমনে কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের জনমনে স্বস্তি ফেরাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অপরাধী দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং ইতিমধ্যেই অপরাধীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা থেকে শুরু হয়ে এই বিশেষ সাঁড়াশি অভিযান পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। অত্যন্ত নিরপেক্ষভাবে অপরাধীদের তালিকা করা হচ্ছে যাতে কোনো প্রকৃত অপরাধী পার না পায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি দেশবাসীকে এই অভিযানে সহযোগিতার আহ্বান জানান।
ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনাও প্রদান করেছেন।

















