নড়াইলে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ৮ মাস ওষুধ সরবরাহ নেই

কার্ত্তিক দাস, নড়াইল

সরকারিভাবে ওষুধ সরবরাহ না থাকায় তৃণমূলের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙে পড়েছে। প্রায় আট মাস ধরে কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় তৃণমূলে বসবাসকারী অবহেলিত মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে- এমনটাই আশঙ্কা করছে সচেতন মহল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল জেলার তিনটি উপজেলা ও একটি প্রশাসনিক থানা এলাকায় ৪০টি ইউনিয়ন পরিবার কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে সিভিল সার্জন কর্তৃক সাতটি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত হয় । বাকিগুলো পরিবার পরিকল্পনা কল্যাণ অধিদপ্তর থেকে পরিচালিত হয়ে থাকে।

সিভিল সার্জন কর্তৃক পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মধ্যে সদর উপজেলায় তিনটি, লোহাগড়া উপজেলায় তিনটি এবং কালিয়া উপজেলায় একটি । তৃণমূলের নিম্নআয়ের সাধারণ মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্ভর করে এসব কেন্দ্রর চিকিৎসাসেবার ওপর। কেন্দ্রগুলোতে সরকারি ওষুধ সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ।

গত মঙ্গলবার এবং বুধবার জেলার কয়েকটা স্বাস্থ্যসেবা কেন্দ্র ঘুরে দেখা গেছে, চিকিৎসাসেবা নিতে আসা গ্রামের অনেক নারী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাপত্র নিয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। তারা হাসপাতাল থেকে কোনো ওষুধ পান নাই। কাজ তেমন না থাকায় দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার একটি কক্ষে বসে গল্পে মেতে আছেন।

মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিবার কল্যাণকেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আলাউদ্দীন কেন্দ্রের একটি কক্ষে চুপচাপ বসে আছেন । জানতে চাইলে তিনি বলেন, ‘আগে আমাদের এখানে ২৫ রকমের ওষুধ বরাদ্দ ছিল। তখন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শিশু-নারী ও পুরুষ স্বাস্থ্যসেবা নিতে জড়ো হতেন। গত সাত-আট মাস হলো কোনো ওষুধ সরবরাহ নেই। ফলে কেন্দ্রে রোগীদের তেমন ভিড়ও নেই। শুধু পরিবার পরিকল্পনার কিছু সামগ্রী আছে তাই দিয়ে সেবা চলছে।’

তিনি আরও বলেন, ‘এখানে যে সব রোগী আসে তার বেশিরভাগ হচ্ছে শিশু ও নারী। আগে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগীকে সেবা দিয়েছি। বর্তমানে ১৫ থেকে ২০ জনের বেশি হয় না।’

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম মনে করেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ থাকলে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা ঝুঁকিতে পড়বে। এ ব্যাপারে সরকারের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

বুধবার (১৮ জুন) দুপুরে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে দেখা যায়, কুমড়ি গ্রাম থেকে ছোট শিশুকে কোলে নিয়ে স্বাস্থ্যসেবা নিতে এসেছেন সালমা আক্তার। তার কোলের শিশুর সর্দিকাশি দেখা দিয়েছে। তিনি বলেন, ‘আগে এহেনে ডাক্তার দেহালি ওষুধ দেতো। এহোনে দেচ্ছে না । কাগজে লেহে দিলি আমাগে বাজারের দুয়ানতে কিনে নিতি হচ্ছে। আমরা গরিব মানুষ। অত টায়া-পয়সা নাই আমাগে।’

কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের মুলশ্রী গ্রামের দীপ্তি রানী মন্ডল বুকে ব্যথা অনুভব করলে নিজের ওষুধ নিতে এসেছেন ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে । তিনি বলেন, ‘এহেনের ডাক্তার সাদা কাগজে কী যেন লেহে দেলো। আর কলো এই কাগজ নিয়ে বাজারের দুয়ানেরতে ওষুধ কিনতি হবে। কিরাম কতা হলো কওদিন বাপু। আমাগে যদি দুয়ানেরতে ওষুধ কিনতি হবে তালি তুমরা এহানে বসে রইছো ক্যান? আগেতো এমন কতা শুনিনি।’

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আলিফ নূর বলেন, ‘পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে প্রায় সাত থেকে আট মাস। যে কারণে সমাজের তৃণমূল পর্যায়ের মানুষ ঝুঁকির মধ্যে পড়েছে।’

তিনি দাবি করেন, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো বন্ধের মধ্যেও খেলা ছিল। ওষুধ না পেলেও চিকিৎসাসেবা বন্ধ ছিল না। যারা গর্ভবতী তারা চেকআপের জন্য কেন্দ্রে আসছেন। তাদের প্রয়োজনীয় সেবাও দেওয়া হচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ওষুধ সরবরাহের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আশা করছি খুব দ্রুত সংকট কেটে যাবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে