প্রার্থী তালিকায় নাম নেই, তবু কনকচাঁপা বললেন ‘আলহামদুলিল্লাহ’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ২০: ০৩
নিজের নির্বাচনি আসনে জনসংযোগে কনকচাঁপা। ছবি: কনকচাঁপার ফেসবুক থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি যে ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে সে তালিকায় নেই জনপ্রিয় কণ্ঠশিল্পী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রুমানা মোর্শেদ কনকচাঁপা। তার আসন সিরাজগঞ্জ-১ থেকে অবশ্য অন্য কোনো প্রার্থীও ঘোষণা করেনি বিএনপি। দলের প্রার্থী ঘোষণার পর প্রতিক্রিয়ায় কনকচাঁপা বলেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

কনকচাঁপা তার ফেসবুক প্রোফাইলে এমন প্রতিক্রিয়া জানান। এর আগে সোমবার বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে।

এ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার দৌড়ে অন্যতম দাবিদার কনকচাঁপা। ২০১৮ সালের নির্বাচনেও এ আসন থেকে দলের প্রার্থী হয়েছিলেন তিনি।

এবারও দীর্ঘদিন ধরে নিজের নির্বাচনি এলাকায় সক্রিয়ভাবে গণসংযোগ ও রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন কনকচাঁপা। সেই নির্বাচনি আসন বাদ রেখেই প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিরাজগঞ্জের অন্য পাঁচটি আসনের প্রার্থী চূড়ান্ত করা হলেও কনকচাঁপার এই আসনটি ‘হোল্ড’ বা স্থগিত রাখা হয়।

প্রার্থী তালিকা ঘোষণার পরপরই রুমানা মোর্শেদ কনকচাঁপা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। তার অনুসারী ও স্থানীয় রাজনীতিতে এ পোস্ট আলোচনা তৈরি করেছে।

নিজের মনোনয়ন না পাওয়া বা নিজের আসনে মনোনয়ন স্থগিত থাকার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কনকচাঁপা লিখেছেন, ‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব আলহামদুলিল্লাহ...’।

কনকচাঁপার অনুসারীরা মনে করছেন, দলের সিদ্ধান্তই আপাতত মেনে নিয়েছেন কনকচাঁপা। দলীয় সূত্রগুলো বলছে, তার সিরাজগঞ্জ-১ আসনটি হয়তো বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত রাখতে পারে।

কনকচাঁপা ছাড়াও অবশ্য এ আসনে মনোনয়নের জোরালো দাবিদার হিসেবে রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এই দুই নেতারও স্থানীয় রাজনীতিতে রয়েছে শক্ত অবস্থান এবং নিজস্ব কর্মী-সমর্থক। এই ত্রিমুখী প্রতিযোগিতার কারণেই দলের হাইকমান্ড স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি— এমনটিও মনে করছেন কেউ কেউ।

এদিকে সিরাজগঞ্জ-১ আসন অমীমাংসিত রাখলেও জেলার বাকি পাঁচ আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় রয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির বর্ষীয়ান নেতা ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা) আসনে বিপি আইনুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে মোহাম্মদ আমিরুল ইসলাম খান এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এম এম মোহিত।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে শিশু ধর্ষণ, অভিযুক্তকে আটকের সময় পুলিশ-জনতা সংঘর্ষ

এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করলে পুলিশকেই ঘিরে ধরে জনতা। তাদের দাবি, অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে। এ নিয়ে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ চলছে।

২০ ঘণ্টা আগে

মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত লাশ: বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

রাজধানীর বনশ্রী এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত শিহাব হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১ দিন আগে

খুলনায় বিএনপি কার্যালয়ে যুবদল কর্মীসহ গুলিবিদ্ধ ২

খুলনায় পূর্ব শত্রুতার জেরে যুবদলকর্মী মো. মাসুম শেখ (৩০) ও তার শ্যালক জাহিদ হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লবণচরার পুটিমারী বাজার সংলগ্ন ১ নং জলমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

১ দিন আগে

বনশ্রীতে মাদরাসায় ছাত্রের ঝুলন্ত মরদেহ: পাবনা থেকে গ্রেপ্তার ১

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একটি মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ নামে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আরেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাবনার বেড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে