নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে যমজ দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের আরেক সহপাঠী নিখোঁজ রয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে আসেকিন ও আরেফিন। দুজনেরই বয়স ১৫ বছর। নিখোঁজ শিক্ষার্থী একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির, তার বয়স ১৪ বছর।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, তিনজনই মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। যমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল চার বন্ধু। পরে স্কুলে না গিয়ে তারা ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে আসতে পারলেও আসেকিন, আরেফিন ও আবির নদীতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে ঢাকার ডুবুরি দল সেখানে পৌঁছে অভিযানে যোগ দেয়।
আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দেড় ঘণ্টার অভিযানের পর বিকেল ৩টা ২৫ মিনিটে আসেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আবিরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


















