গাজীপুরের এনসিপি কর্মী গ্রেপ্তার, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

গাজীপুর প্রতিনিধি
 আশরাফুল ইসলাম সজল। ছবি: সংগৃহীত
আশরাফুল ইসলাম সজল। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আশরাফুল ইসলাম সজল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে তার গ্রেপ্তারের বিষয়টি আলোচনায় এলেও পুলিশ বলছে, ওই পোস্টের কারণে নয়, মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার রাতে সজলকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীপুর উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য তিনি বলে জানিয়েছেন দলটির উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মামুন হাসান।

সম্প্রতি সজলের ফেসবুকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাঁর ফেসবুক আইডিতে গিয়ে পোস্টটি পাওয়া যায়নি। ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকার ও সরকারপ্রধানকে নিয়ে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে। পোস্টটির সঙ্গে পল্লী বিদ্যুতের একটি বিলের অনলাইন কপিও যুক্ত ছিল।

সজলের মা আসমা আক্তারের দাবি, বিদ্যুৎ বিল বেশি আসায় তার ছেলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। পুলিশ তাঁকে জানিয়েছে, ওই পোস্ট ও মন্তব্যের কারণেই সজলকে গ্রেপ্তার করা হয়েছে। আসমা আক্তার বলেন, ‘আমার ছেলে সহজ-সরল। ভুল করতে পারে। অনেকেই পোস্টটি ডিলিট করতে বলেছিল। পরে আমার ছেলে পোস্টটি ডিলিট করে দেয়। এরপরও তাকে গ্রেপ্তার করা হলো, এটা মেনে নিতে পারছি না।’

সজলের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ। তিনি বলেন, ‘সজল আমাদের কর্মী। দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তাদের ফ্যাসিবাদী কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় সজলকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।’

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য নয়। তাকে গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে জানতে পেরেছি। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement