গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়।এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনায় পুলিশ কাউকেই আটক করতে পারেনি। তবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের মূল কারণ জানা যায়নি। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নূর আলম হোসেন।

















