আদাবরে বাড়ি দখল: পুলিশের গুলিতে আহত ২, গ্রেপ্তার ৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আদাবরে বাড়ি দখল: পুলিশের গুলিতে আহত ২, গ্রেপ্তার ৪

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানের সময় পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। পুলিশের দাবি, গ্রেপ্তারের চেষ্টা করলে আসামিরা চাপাতি নিয়ে হামলা চালাতে উদ্যত হন। আত্মরক্ষায় পুলিশ গুলি ছোড়ে। এ ঘটনায় আহত দুজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নিয়ে মামলাটিতে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

আদাবর থানা-পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নবোদয় হাউজিং এলাকার কাঁচাবাজারসংলগ্ন খেলার মাঠের পেছনে খালপাড়ের একটি ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন রাজিব হাওলাদার (৩০) ও সাগর (২৪)। তাঁদের পায়ে গুলি লেগেছে। গ্রেপ্তারের পর চিকিৎসার জন্য তাঁদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অপর দুজন হলেন শাকিব (২৩) ও রাশেদ (২৪)।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে আসামিদের ধরতে অভিযান শুরু হয়। ঘটনাস্থলে ৭ থেকে ৮ জন অবস্থান করছিলেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করলে চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলার উদ্যোগ নেন তাঁরা। এ সময় আত্মরক্ষার্থে অভিযানে থাকা এক কনস্টেবল তাঁর শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে রাজিব ও সাগর আহত হন। অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, আসামিরা চাপাতি নিয়ে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় এর আগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ অভিযানে আরও চারজন গ্রেপ্তার হওয়ায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। রাজিব মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে।

গত রোববার আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ১৫ থেকে ২০ জনের একটি দল চাপাতি, রামদা ও পিস্তল নিয়ে বাড়িটিতে হামলা চালায়। এ ঘটনায় আদাবর থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়িটির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং এ বিষয়ে আদালতেও মামলা চলমান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement