অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
অধ্যাপক রবার্ট ই হল ও অধ্যাপক মাইকেল উডফোর্ড। ছবি: নোবেল ওয়েবসাইট
অধ্যাপক রবার্ট ই হল ও অধ্যাপক মাইকেল উডফোর্ড। ছবি: নোবেল ওয়েবসাইট

২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ই হল এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে ব্যষ্টিক অর্থনীতির ভূমিকা নিয়ে গবেষণার জন্য তাঁদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। এ বছরের নোবেল পুরস্কারের ঘোষণাগুলোর মধ্যে এটিই ছিল সর্বশেষ। দুই বিজয়ী ভাগ করে পাবেন ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।

অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের পুরস্কার’।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনীতির প্রবৃদ্ধি সব সময় একই গতিতে চলে না। কখনো অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসে, আবার কখনো তা মন্থর হয়ে পড়ে। উপযুক্ত সময়ে অর্থনীতিকে চাঙা করা বা প্রবৃদ্ধির গতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া গেলে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এতে দীর্ঘস্থায়ী মন্দা ও নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি এড়ানো যায়।

একাডেমির মতে, হল ও উডফোর্ডের গবেষণা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। তাঁদের কাজের ভিত্তিতে বিকশিত হয়েছে ‘নিউ কেইনসীয়’ বা নব্য কেইনসীয় মডেল। এ মডেলের মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সরকারের নেওয়া বিভিন্ন নীতি ব্যবসা-বাণিজ্যের উত্থান-পতনে কী প্রভাব ফেলে, তা ব্যাখ্যা ও পরিমাপ করা যায়। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় নীতি প্রণয়নে এ মডেল ব্যবহার করে।

অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সালে। ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে তাঁর উইলে পাঁচটি পুরস্কারের কথা উল্লেখ করেছিলেন। অর্থনীতি সেই তালিকায় ছিল না। পরে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এ পুরস্কার চালু করে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অর্থনীতিতে নোবেলজয়ীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন পর্যন্ত মাত্র তিনজন নারী এ পুরস্কার পেয়েছেন। সর্বশেষ ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পান ক্লডিয়া গোল্ডিন। সময়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষের মজুরি এবং কর্মসংস্থানের ব্যবধান কীভাবে তৈরি হয়েছে, তা নিয়ে গবেষণার জন্য তাঁকে পুরস্কৃত করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement