হলিক্রস কলেজে ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

রাজধানীর হলিক্রস কলেজে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬’। দেশের প্রায় ২৫টি স্বনামধন্য কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়।
ফেস্টিভ্যালটিতে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল টিভিসি সেমিনার, ওয়াল ম্যাগাজিন এবং ব্যবসায়ভিত্তিক নানা প্রতিযোগিতা। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও কর্পোরেট দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ সেলস অফিসার মো. মাসুদুর রহমান এবং মার্কেটিং বিভাগের এজিএম মো. করিমুল আরাফাত। সভাপতিত্ব করেন হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ, সিএসি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এবারের ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর ছিল ‘মোনালিসা’ স্যানিটারি ন্যাপকিন, যা সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের একটি পণ্য।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ যাত্রাকে সহজ করবে এবং ভবিষ্যতের ব্যবসায়িক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











-4572aa-256x144.webp)
-0aa2e0-256x144.webp)


