বাংলাদেশ-মালয়েশিয়া বন্ধুত্বে নতুন অধ্যায়, যাত্রা শুরু এমবিটিএসিএনের

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন, শিল্পকলা ও সংস্কৃতিভিত্তিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে মালয়েশিয়া–বাংলাদেশ ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল নেটওয়ার্ক (এমবিটিএসিএন) উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার ঢাকার ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র ও ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান আলিয়ঁস ফ্রঁসেজে প্ল্যাটফর্মটির উদ্বোধন হয়।
এমবিটিএসিএনের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো। দীর্ঘদিনের বন্ধুত্ব, ভ্রমণ, পেশাগত সম্পৃক্ততা ও সাংস্কৃতিক বিনিময়ের অভিজ্ঞতার ভিত্তিতে নেটওয়ার্কটি ব্যক্তিগত সম্পর্কগুলোকে আরও বিস্তৃত প্রাতিষ্ঠানিক ও জনগণভিত্তিক সহযোগিতায় রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করবে।
নেটওয়ার্কটির আওতায় সাংস্কৃতিক উৎসব, শিল্পকলা, আলোকচিত্র ও চিত্রকলা প্রদর্শনী, চলচ্চিত্র ও সাহিত্য বিনিময়, রন্ধনশিল্পভিত্তিক অনুষ্ঠান, শিক্ষার্থী ও একাডেমিক বিনিময়, পর্যটন সহযোগিতা, স্বাস্থ্যসেবা সংযোগ এবং যুব উদ্যোগ পরিচালনা ও উৎসাহিত করা হবে।
‘Bridging People. Celebrating Culture. Inspiring Tourism’— এই স্লোগানকে সামনে রেখে এমবিটিএসিএন অর্থবহ সহযোগিতা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছে।
এমবিটিএসিএনের সিনিয়র অ্যাডভাইজার মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়া হাইকমিশন, ঢাকার চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মো. মুতাসিম বিল্লাহ ফারুকী ছিলেন বিশেষ অতিথি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রা। ট্যুরিজম মালয়েশিয়ার সাবেক আঞ্চলিক পরিচালক এবং এমবিটিএসিএনের প্রতিষ্ঠাতা সদস্য সায়েদ ইয়াহিয়া সায়েদ ওথমান ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি বক্তব্য দেন।
এমবিটিএসিএনের এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং ট্রাভেল ম্যাগাজিন ‘ভ্রমণ’-এর সম্পাদক ও প্রকাশক আবু সুফিয়ানের নেতৃত্বে নেটওয়ার্কটি পরিচালিত হবে। পর্যটন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, শিল্পকলা, ব্যবসা, যুবসমাজ, গবেষণা এবং কমিউনিটি সম্পৃক্ততার মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে কাজ করবে এমবিটিএসিএন।















