বুধবার হবিগঞ্জে ফের সমাবেশ এনসিপির, সারা দেশেও বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হবিগঞ্জে পদযাত্রা শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি যে হবিগঞ্জে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিএনপি কত রক্ত ঝরাতে পারে, তা দেখতে চান বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৯ জুলাই) দেশ জুড়ে এ বিক্ষোভ সমাবেশ পালন করবে দলটি। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলের দপ্তর সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে এ কর্মসূচির খবর জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল ২৯ জুলাই (বুধবার) সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এনসিপি বিজ্ঞপ্তিতে আরও বলেছে, দলের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য নির্দেশ দেওয়া হলো। সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ও দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সারজিস আলম জানান, জুলাই পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী বুধবার মৌলভীবাজার জেলায় যে দুটি পদযাত্রা হওয়ার কথা ছিল, তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এর পরিবর্তে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর বিএনপির ‘সন্ত্রাসী হামলা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।

সারজিস জানান, তিনি ছাড়াও হবিগঞ্জের সমাবেশে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও সারোয়ার তুষারসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ফেসবুক পোস্টের শেষের দিকে সারজিস প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে লিখেছেন, ‘জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই— আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির সমাবেশ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। হামলায় নাসীরুদ্দীন ও সারজিসসহ ১০ থেকে ১৫ জন আহত হন। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এনসিপির অভিযোগ, ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে ছাত্রদলের দাবি, এনসিপি নেতারা বারবার উসকানিমূলক বক্তব্য দেওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।

জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ বলেন, শুনেছি কোনো অশালীন বক্তব্যকে ঘিরে বিক্ষুব্ধ মানুষজন ধাওয়া দিয়েছে। এর সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে এসে কেউ অশালীন বক্তব্য দিয়ে শহরকে অস্থিতিশীল করতে চাইলে তার দায়ভার তাকেই নিতে হবে।

হামলার পর সারজিস আলম সোনালী ব্যাংকের স্থানীয় একটি কার্যালয়ে আশ্রয় নেন। প্রায় ঘণ্টাখানেক সেখানে অবরুদ্ধ থাকার পর পুলিশ তাকে উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়। অবরুদ্ধ ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারীও। পরে রাতে এনসিপির কেন্দ্রীয় এই দুই নেতাকে পাহারা দিয়ে হবিগঞ্জ থেকে মৌলভীবাজারে পৌঁছে দেয় পুলিশ। পরে সেখান থেকে তারা ঢাকার পথে রওয়ানা হন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement