তফসিলকে স্বাগত, কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৯: ৩৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে একে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে, যে গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে এ দেশের জনগণ জীবন বাজি রেখে লড়াই-সংগ্রাম করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের তফসিল ঘোষণা করেন।

মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে। একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। নির্বাচনটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কখনোই কোনো শঙ্কা ছিল না। বিএনপি বরাবরই বলে এসেছে, নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি।

ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি। নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি।

এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট নেওয়া হবে ১২ ফেব্রুয়ারি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement