মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান— দেশটা সব ধর্মের মানুষের: প্রধানমন্ত্রী
-0eb550-480x270.webp)
মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতার জন্য সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করেছেন। এখন সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমীতে রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে পাগলাপীরে এক পথসভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, “আজকে এই যে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের যে মানুষ আছে, তাদের একটি উৎসব আজকে শারদীয় দুর্গাপূজা উৎসব। আমরা চাই বাংলাদেশ স্বাধীনের সময় যেরকম সব মানুষ, সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে, আমরা চাই সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে এই দেশকে গড়ার জন্য।”
সব ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আসুন আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা হবে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যারা আমরা আছি এই বাংলাদেশে, এই দেশটা আমাদের।”
এর আগে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে তার সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর। এ দিন তিনি রংপুরের পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তিন মহানগরে কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

-6036d8.jpg)
-fd5a3d.jpg)







-6036d8-256x144.webp)

-fd5a3d-256x144.webp)


-ab93c9-256x144.webp)