হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে এনসিপি নেতারা, ৩ দফা দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৮: ৩০
চোখে অপারেশনের পর আলিফ (বাঁয়ে) এবং হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। (ডানে)। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলটির নেতাকর্মীদের ওপর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। ওই হামলায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী বাম চোখে গুরুতর আঘাত পান। চিকিৎসকদের আশঙ্কা, তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন।

চিকিৎসাধীন আলিফকে দেখতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা।

এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি আলিফের চিকিৎসা, হামলার বিচার এবং রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তিন দফা দাবি তুলে ধরেন।

তিনি বলেন, প্রথমত, আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব এবং তার পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। দ্বিতীয়ত, হবিগঞ্জে হামলার ঘটনায় জড়িত ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তৃতীয়ত, দেশব্যাপী এনসিপিসহ সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ ও কর্মসূচি নির্বিঘ্নে পালনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন নেতাকর্মীকে মারধরও করা হয়। হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে এনসিপি। পরে সন্ধ্যায় শহরে প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

এনসিপির দাবি, সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর সার্কিট হাউসের দিকে রওনা দিলে অতর্কিত হামলা চালানো হয়। রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। তাদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী।

এ সময়ের সংঘর্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে লোহার রড দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। পরে বুধবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে জরুরি ভিত্তিতে ঢাকায় এনে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তবে ওই হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রদল দাবি করে, সেদিন আজমিরীগঞ্জে সমাবেশে এনসিপির নেতারা বিএনপির নেতাদের ‘গুণ্ডাবাহিনী’ বলে মন্তব্য করায় তাদের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে টাউন হল এলাকায় এনসিপির পদযাত্রা শেষে বিক্ষোভ চলাকালে ওই ঘটনার সূত্রপাত হয়।

ওই ঘটনায় বুধবার দিবাগত রাত ১টার দিকে হবিগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের।

মামলার অন্য আসামিরা হলেন— বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা মুজাক্কির হোসেন, ছাত্রদল নেতা এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান, শেখ সাব্বির, নাজমূল হোসেন ও রক্সি ইসলাম।

মঙ্গলবারের ওই ঘটনার পর এনসিপি এবং বিএনপি-ছাত্রদল পালটাপালটি কর্মসূচি ঘোষণা করলে বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ দিন বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে আসার পথে শ্রীমঙ্গল ও বাহুবলের বিভিন্ন স্থানে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।

পরে শহরে প্রবেশ করতে না পেরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা কামাইছড়া পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নেন। পরে তারা হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। সেই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে মামলাটি করা হয়।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা বৃহস্পতিবার সকাল থেকে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত আদেশে বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গত ২৯ জুলাই ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

আদেশে আরও বলা হয়, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করা হয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এদিকে হবিগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিস আলমকে বহনকারী গাড়িতে ফের হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়। একই সঙ্গে এনসিপির আরও দুই কেন্দ্রীয় নেতা এবং জুলাই গণঅভ্যুত্থানের সাত শহিদ পরিবারের সদস্যদের বহনকারী গাড়িতেও হামলার অভিযোগ ওঠে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন সারজিস আলম। তবে অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জ উপজেলার শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শহিদ পরিবারের সদস্যদের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। বেলা পৌনে ৩টার দিকে সভা শেষে নেতারা বের হওয়ার সময় হামলার এ ঘটনা ঘটে।

এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিব্বির আহমদ জানান, সারজিস আলমের গাড়ির পাশাপাশি দলের সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মোজাহিদের গাড়িতেও হামলা হয়েছে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সাত শহিদ পরিবারের সদস্যদের বহনকারী গাড়িও হামলার শিকার হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

১২ ঘণ্টা আগে

হবিগঞ্জ শহরে পৌঁছাতেই পারেননি এনসিপি নেতারা, লিখিত অভিযোগ দিলেন পুলিশ ফাঁড়িতে

অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।

১ দিন আগে

তারেক রহমানের দিল্লি সফরের অপেক্ষায় আছি: ভারতীয় হাইকমিশনার

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না— এমন প্রশ্নের উত্তরে ভারতের হাইকমিশনার বলেন, ‘এ সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটি সম্পূর্ণ তার বিষয়। তবে আমরা অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় আছি।’

১ দিন আগে

শাপলা চত্বরে হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খান জানান, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ৬টার দিকে গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

১ দিন আগে