এবার ইরান যুদ্ধে জড়াল হুতিরা, বাব এল-মান্দেব প্রণালি বন্ধ ঘোষণা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জুন ২০২৬, ১৪: ৪৩
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সদস্যরা। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতে এবার সরাসরি যোগ দিল ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের হামলার জবাবে ইরানের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযানের সঙ্গে সমন্বয় করে এবার ইসরায়েল জুড়ে বড় ধরনের হামলা চালিয়েছে তারা।

একই সঙ্গে বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান রুট লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল-মান্দেব প্রণালিতে ইসরায়েলি নৌযান চলাচলের ওপর ‘পূর্ণ নিষেধাজ্ঞা’ জারি করে এই নৌপথ কার্যত বন্ধের ঘোষণা দিয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটি। হুতিদের ইরান যুদ্ধে জড়ানো এবং বাব এল-মান্দেব প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ব জুড়ে জ্বালানি ও পণ্য পরিবহনে বড় ধরনের অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (৮ জুন) এএফপি ও আল আরাবিয়ার খবরে বলা হয়, এ দিন সকালে ইরান ও হুতিদের সমন্বিত হামলার মুখে জেরুজালেম, তেল আবিব, বিয়ারশিবা এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় একযোগে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সকালে ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টার পরপরই মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে সতর্কতা জারি করে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

গতকাল রোববার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান বাহিনী ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে জানায় আইডিএফ। এর প্রতিক্রিয়ায় সোমবার সকালে ইরান ফের ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার সঙ্গে এবার যোগ দেয় ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও।

হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ। তবে এই হামলায় সরাসরি কেউ হতাহত না হলেও, সাইরেন শুনে আশ্রয়ের জন্য দৌড়ে যাওয়ার সময় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘ম্যাগেন ডেভিড আদম’।

লোহিত সাগর ও বাব এল-মান্দেবে পূর্ণ নিষেধাজ্ঞা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই হুতি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে তারা বলে, ‘আমরা লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালিতে ইসরায়েলি নৌযান চলাচলের ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা করছি। এই ঘোষণা জারির পর থেকে শত্রুভাবাপন্ন (ইসরায়েলি) সব ধরনের চলাচলকে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।’

হুতিরা দাবি করেছে, তারা ইসরায়েলি শত্রুদের অত্যন্ত সংবেদনশীল লক্ষ্যবস্তু করে একঝাঁক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এবং তা যথাযথ নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা তারা শনাক্ত করেছে এবং তা আকাশেই ধ্বংস করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

অবরুদ্ধ বিশ্ববাণিজ্যের দুই প্রধান রুট

হুতিদের এই নতুন হুমকি এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের জেরে পারস্য উপসাগরের প্রবেশদ্বার এবং জ্বালানি রপ্তানির প্রধান রুট ‘হরমুজ প্রণালি’ ইরানের অবরোধের কারণে কার্যত বন্ধ হয়ে আছে। এখন লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মান্দেব প্রণালি হুতিরা বন্ধ ঘোষণা করায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। এর আগে ইসরায়েল-হামাস যুদ্ধের সময় এই রুটে পণ্যবাহী জাহাজগুলোতে দফায় দফায় হামলার কারণে বিশ্বের বহু নামী শিপিং কোম্পানি লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার দক্ষিণ উপকূল ঘুরে দীর্ঘ ও ব্যয়বহুল পথ ব্যবহার করতে বাধ্য হয়েছিল।

ভেঙে পড়ল যুদ্ধবিরতি, আঞ্চলিক যুদ্ধের শঙ্কা

গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম ইরান-হুতি ও ইসরায়েলের মধ্যে সরাসরি পালটাপালটি হামলার ঘটনা ঘটল। মূলত, রোববার রাতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জেরে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের এই হামলার পর তাৎক্ষণিক পালটা জবাব না দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আহ্বান উপেক্ষা করে তেহরান ছাড়াও ইস্পাহান ও তাবরিজে হামলা চালায় ইসরায়েল।

এরই জেরে সোমবার সকালে ইরান ও ইয়েমেনের হুতিরা একযোগে ইসরায়েলে হামলা চালাল। ইয়েমেনের হুতি এবং লেবাননভিত্তিক সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ মূলত মধ্যপ্রাচ্যে ‘প্রতিরোধের অক্ষ’ (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) নামে পরিচিত ইরানপন্থি জোটের প্রধান অংশীদার। ফলে হুতিরা এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির আশা নড়বড়ে হয়ে গেছে এবং বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

রাজনীতি/আইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাজনীতি-কূটনীতি, জ্বালানি-অর্থনীতি— ইরান যুদ্ধের বৈশ্বিক প্রভাব বাড়ছেই

শুধু মধ্যপ্রাচ্য নয়, গত ১০০ দিনে এই যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতেও। সেই প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে।

৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে কার লাভ, কার ক্ষতি?

বিশ্লেষকদের মতে, এ যুদ্ধে সবচেয়ে বড় বিজয়ীদের মধ্যে রয়েছে ইরানের শাসকগোষ্ঠী, চীন ও ইউক্রেন। অন্যদিকে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে জ্বালানি বাজার এবং লেবানন। আর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবস্থান এখনো স্পষ্টভাবে নির্ধারণ করা কঠিন।

৮ ঘণ্টা আগে

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, ‘সপ্তাহব্যাপী’ অভিযানের হুঁশিয়ারি

আইআরজিসি বলছে, এই অভিযান কোনো সাময়িক বা সাধারণ ঘটনা নয়, বরং এটি টানা এক সপ্তাহের অবিরাম হামলার শুরু মাত্র। ‘শত্রুপক্ষ’ তাদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত আগামী সাত দিন ধরে চব্বিশ ঘণ্টাই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একের পর এক বহর উৎক্ষেপণ অব্যাহত থাকবে।

১৫ ঘণ্টা আগে

নির্বাচনে ‘কারচুপি’র দাবি নিয়ে প্রশ্ন, সাক্ষাৎকার ছেড়ে উঠে গেলেন ট্রাম্প

২০২০ সালের নির্বাচন নিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারের মাঝপথেই বেরিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের বিখ্যাত অনুষ্ঠান ‘মিট দ্য প্রেসে’র সাক্ষাৎকার চলাকালে সঞ্চালকের সঙ্গে তীব্র বাদানুবাদের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি স্টুডিও ত্যাগ করেন।

১৮ ঘণ্টা আগে