নোবেলজয়ী নার্গিসকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড দিল ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইরানে মানবাধিকার ও নারী অধিকার আন্দোলনের লড়াকু কণ্ঠস্বর এবং ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে দুই বছরের জন্য দেশের এক প্রত্যন্ত অঞ্চলে নির্বাসনে পাঠানোর এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।

কারাগারের ভেতর থেকে মানবাধিকার লড়াই অব্যাহত রাখা এই নেত্রীর বিরুদ্ধে 'ষড়যন্ত্র' ও 'অপপ্রচারের' অভিযোগ এনে নতুন করে এই কঠোর সাজা ঘোষণা করা হলো। বর্তমানে কারাবন্দী নার্গিসের শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝেই এই রায় এল।

আইনজীবী মোস্তাফা নিলি বার্তা সংস্থা এএফপিকে জানান, এই রায় এখনো চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে চিকিৎসার স্বার্থে নার্গিস মোহাম্মাদিকে অন্তত সাময়িকভাবে জামিনে মুক্তি দেওয়া হতে পারে।

কারাবন্দী অবস্থায় নিজের আটক পরিস্থিতি, পাশাপাশি আইনজীবী ও পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগের সুযোগ না পাওয়ার প্রতিবাদে গত ২ ফেব্রুয়ারি অনশন শুরু করেন নার্গিস মোহাম্মাদি। তার নামে গঠিত নার্গিস ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, অনশনের ৬ দিনে তিনি তা প্রত্যাহার করেছেন। তবে বিবৃতিতে তার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয়।

নার্গিস মোহাম্মাদি ইরানের দ্বিতীয় নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এর আগে ২০০৩ সালে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য এই সম্মান পান শিরিন এবাদি।

লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত নার্গিস মোহাম্মাদি বর্তমানে ইরানের ‘ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার (ডিএইচআরসি)’–এর উপপরিচালকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সংগঠনটি রাজনৈতিক বন্দিদের অধিকার, মানবাধিকার সংস্কার এবং নাগরিক স্বাধীনতার পক্ষে কাজ করে আসছে। নারী অধিকার আন্দোলনের পাশাপাশি মৃত্যুদণ্ড ও দুর্নীতির বিরুদ্ধেও তিনি ধারাবাহিকভাবে সরব ভূমিকা রেখে চলেছেন।

নোবেল কমিটি ২০২৩ সালে জানায়, নারীদের অধিকারের জন্য টানা দুই দশকের সংগ্রামের মধ্য দিয়ে নার্গিস মোহাম্মাদি ইরানে স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছেন।

এর আগে, গত ১২ ডিসেম্বর আইনজীবী খসরু আলিকোরদির রহস্যজনক মৃত্যুর নিন্দা জানানোর পর নার্গিস মোহাম্মাদিকে গ্রেপ্তার করা হয়। সে সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাসান হেমাতিফার দাবি করেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আয়োজিত আলিকোরদির স্মরণসভায় তিনি উসকানিমূলক বক্তব্য দেন এবং উপস্থিতদের ‘উসকানিমূলক স্লোগান’ দিতে ও ‘শান্তি বিঘ্নিত করতে’ উৎসাহিত করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১০ ঘণ্টা আগে

লেবানন ছাড়ার শর্ত জানালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেবানন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে। এর ফলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।

১৩ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৭০০ ছাড়াল

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তিতে কি থেমে যাবে যুদ্ধাপরাধের বিচার?

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

১ দিন আগে