ইরানের পরমাণু তথ্যে ২ কোটি ডলার পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক কার্যক্রমের গোপন তথ্য সরবরাহকারীদের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার এবং পুনর্বাসনের বড় ধরনের প্রস্তাব ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা, বিভিন্ন সরঞ্জাম এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী বা গবেষকদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে এই পুরস্কার ও পুনর্বাসনের সুযোগ মিলবে। ১৯৮৪ সালে আমেরিকানদের জীবন ও নিরাপত্তা সুরক্ষার উদ্দেশ্যে এই জাতীয় নিরাপত্তা পুরস্কার কর্মসূচি চালু করা হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিয়ম ও বাধ্যবাধকতা মানতে ইরান ব্যর্থ হয়েছে। এর ফলে সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদানের উৎপাদন ও মজুত নিয়ে সংস্থাটি নিয়মিত ও ধারাবাহিক তথ্য পাচ্ছে না। যদিও ঠিক কী ধরনের তথ্যের ভিত্তিতে এই পুরো অঙ্কের পুরস্কার দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো শর্ত প্রকাশ করা হয়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি প্রায় ধ্বংস হয়ে গেছে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে শুক্রবার রাতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ না করলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না এবং পারমাণবিক অস্ত্র হাতে পেলে ইরান পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিত। তবে একই সঙ্গে তিনি এও জানান যে, সংঘাতের অবসান ঘটাতে তেহরান এখন অত্যন্ত মরিয়া এবং তারা বর্তমানে আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাচ্ছে।

গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার সরকার যুদ্ধ বা সংঘাতের পরিবর্তে এখনো আলোচনার মাধ্যমেই বর্তমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad