ভারতকে কি চীনের দিকে ঠেলে দিলেন ট্রাম্প?

ডয়েচে ভেলে
ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে বিরোধ মিটিয়ে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগ দিতে চাইছে ভারত। ছবি: ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়

সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের বৈঠকে যোগ দিতে চীনে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হয় তার। চীনের তিয়ানজিনে সে বৈঠকের ব্যপ্তি ছিল ঘণ্টাখানেক।

বৈঠক সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মোদি। লিখেছেন, গত বছর কাজানে ভারত ও চীনের মধ্যে খুবই সদর্থক আলোচনা হয়েছিল, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক দিকে চালিত করেছে। সীমান্তে সেনা প্রত্যাহারের পরে শান্তি এবং স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মানস সরোবর যাত্রা থেকে চীনের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর প্রসঙ্গও। গালওয়ানে ভারত ও চীনের সীমান্ত সংঘাতের পরে এটি প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। আলোচনায় অংশ নেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সংঘাতের পর্ব পেরিয়ে এই বৈঠকে মৈত্রীর সুর স্পষ্ট শোনা গেছে।

চীনের প্রতি বার্তা দিয়ে মোদি বলেন, আমাদের সংহতির ওপরে ভারত ও চীনের ২০৮ কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে। এতে সারা পৃথিবীর মঙ্গল হবে। পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই।

চলতি পরিস্থিতিতে ভারত ও চীনের মধ্যে সুসম্পর্কের প্রয়োজনীয়তা তুলে ধরেন চীনা প্রেসিডেন্ট। তিনি সৌহার্দ্যের বার্তা দিয়ে বলেন, এসসিও সম্মেলনের জন্য চীনে আপনাকে স্বাগত জানাই। গত বছর কাজানে আমাদের বৈঠক সফল হয়েছিল।

জিনপিং আরও বলেন, বিশ্ব একটা পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। চীন ও ভারত সভ্য দেশগুলোর মধ্যে অন্যতম, বিশ্বের দুটি সবচেয়ে জনবহুল দেশ। আমাদের বন্ধুত্ব, প্রতিবেশী হিসাবে একে অন্যের পাশে থাকা জরুরি। ড্রাগন ও হাতির একজোট হওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞরা যা বলছেন

এসসিও বৈঠকে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ভারত ও চীনের পাশাপাশি রাশিয়ার উপস্থিতিও গুরুত্বপূর্ণ। বিশেষত যেখানে রাশিয়ার থেকে তেল আমদানি করার কারণে ভারতের ওপরে শুল্ক চেপেছে। এর ফলে এশিয়া মহাদেশে কূটনৈতিক সমীকরণে কিছুটা বদল আসার সম্ভাবনাও তৈরি হয়েছে।

দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক মইদুল ইসলাম বলেন, প্রতিবেশীকে আপনি পরিবর্তন করতে পারবেন না। ফলে তার সঙ্গে সুসম্পর্ক রাখা দুটি দেশের জন্যই ভালো। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প যেভাবে ভারত ও চীনের ওপর শুল্কের বোঝা চাপিয়েছেন, এতে পরিস্থিতির বদল হয়েছে।

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ট্রাম্প যে মধ্যস্থতার দাবি করেছেন এবং পরে ভারতের ওপরে যেভাবে শুল্কের বোঝা চাপিয়েছেন, তাতে নয়াদিল্লি নিজেদের বঞ্চিত মনে করেছে— এমনটিই মনে করেন মইদুল ইসলাম।

তিনি বলেন, আলোচনার পরও ভারতের ওপরে চড়া হারে শুল্ক আরোপ করা হয়েছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ততটা চাপ তৈরি করা হয়নি। চীনের ক্ষেত্রে আরও চড়া হারে শুল্ক আরোপ করার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে ভারত ও চীনের কাছাকাছি আসার সুযোগ তৈরি হয়েছে।

সম্প্রতি ব্লুমবার্গের একটি প্রতিবেদন দাবি করছে, এ বছরের গোড়ায় ডোনাল্ড ট্রাম্প যখন চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণা করেছেন, তখন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি ব্যক্তিগত চিঠি লিখেছিলেন চীনের প্রেসিডেন্ট। বেইজিংয়ের পক্ষ থেকে এ উদ্যোগ আগেই নেওয়া হয়েছে।

সিনিয়র সাংবাদিক দীপ্তেন্দ্র রায়চৌধুরী বলেন, এখন যে ঘটনাপ্রবাহ চলছে, মৈত্রীর উদ্যোগ খুব স্বাভাবিক। শত্রুর শত্রু আমার মিত্র। মাঝে চীনের সঙ্গে ভারতের প্রবল দ্বন্দ্ব তৈরি হয়েছিল। পাকিস্তানের হয়ে চীন কাজ করছিল। সরাসরি ভারতের বিরুদ্ধে তারা বিবৃতি দিয়েছে। এখন চীন বিষয়টা বুঝতে পেরেছে। তাই আমাদের প্রেসিডেন্টকে চিঠি লিখে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে।

ট্রাম্পের শুল্কনীতি প্রসঙ্গে চলতি পরিস্থিতির ব্যাখ্যা করে দীপ্তেন্দ্র রায়চৌধুরী বলেন, ট্রাম্প নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। যেটা তিনি করে চলেছেন, তার ফলে আমেরিকা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাবে বাকি বিশ্ব থেকে। এতে সে দেশের অর্থনীতি ধাক্কা খাবে।

তিনি আরও বলেন, ভারত থেকে অনেক বেশি পরিমাণ তেল চীন কিনছে রাশিয়ার কাছ থেকে। ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তাদের ওপরে ট্রাম্প শুল্কের বোঝা চাপাচ্ছেন না। তিনি টার্গেট করছেন ভারতকে। তিনি বন্ধুত্ব করেছেন পাকিস্তানের সঙ্গে। ফলে তার একটি অশুভ এজেন্ডা রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। সে কারণেই ভারত নিজের পথ খুঁজছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার থেকে তেল কেনার জন্যই ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে তারা। তাদের অভিযোগ, রাশিয়া যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তার নেপথ্য কারণ ভারত

অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনের ওপর ৩১ শতাংশ শুল্ক চাপিয়েছে। এবার চীন যদি বিরল আর্থ ম্যাগনেট রপ্তানি নিয়ন্ত্রণ করে, তাহলে সেই শুল্কের চাপ অনেক বাড়বে। ট্রাম্প তখন ২০০ শতাংশ আমদানি শুল্ক চাপানোর দিকে হাঁটতে পারেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী বলেন, ট্রাম্পের যুক্তিতে গলদ দেখা যাচ্ছে। ভারতকে উনি নিশানা করছেন। কিন্তু রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র ততটা বিরূপ নয়।

অধ্যাপক রাজাগোপাল বলেন, ট্রাম্প এমন একটা খেলায় মেতেছেন, যেটা আগামী দিনে ভারতের পক্ষে ভয়ংকর হতে পারে। ভারত ও চীনের মধ্যে ব্যবসা যদি বাড়ে, তাহলে আমেরিকার ওপরে নির্ভরতা কমতে পারে। তবে এক্ষেত্রে সমস্যা রয়েছে।

ব্রিকস সংগঠনের প্রসঙ্গ টেনে রাজাগোপাল বলেন, অতীতে ব্রিকস মুদ্রার কথা ভাবা হয়েছিল। পরে সে ভাবনা থেকে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলো সরে আসে। সে সময় আমেরিকার চাপ ছিল। তারা হুঁশিয়ারি দিয়েছিল, যারা ব্রিকস মুদ্রা ব্যবহার করবে তাদের সঙ্গে আমেরিকা সম্পর্ক রাখবে না।

বিশ্বের ৬৫ শতাংশ ব্যবসায় লেনদেন মার্কিন ডলারের মাধ্যমে হয় উল্লেখ করে অধ্যাপক রাজাগোপাল বলেন, তাদের বাণিজ্যে বিপুল ঘাটতি থাকলেও ডলার ছাপানোর সুযোগ থাকায় তারা যা খুশি করছে। ভারত, চীন, রাশিয়া যদি ডলারের ওপরে নির্ভরতা কমাতে পারে, একটি অভিন্ন মুদ্রা ব্যবস্থা গড়ে তোলা যায়, তবেই আমেরিকার ওপর চাপ তৈরি করা যাবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শান্তিপ্রস্তাব নিয়ে তেহরানের যাচ্ছেন পাক সেনাপ্রধান

পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে আসিম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় পাকিস্তান।

১৮ ঘণ্টা আগে

নিউইয়র্কের রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলা, প্রাণ গেল বাংলাদেশির

এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে গুলি চালালে সেখানে কর্মরত রাজুসহ আরেক বাংলাদেশী গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে রাজু বুকে ও অপরজন পায়ে গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালের নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশী চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন বলে জানা গেছে।

১৯ ঘণ্টা আগে

আস্থার সংকট, তবু ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ফেরার আশা সিরিয়ার

দামেস্কে দেওয়া সাক্ষাৎকারে শাইবানি বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্থগিত রয়েছে। তবে কূটনৈতিক যোগাযোগের দরজা এখনো খোলা এবং শিগগিরই আলোচনা ফেরার আশা করছে সিরিয়া।

১৯ ঘণ্টা আগে

সীমান্ত নিয়ে আলোচনায় চীন সফরে যাচ্ছেন ভারতের অজিত দোভাল

সোমবার (২৪ আগস্ট) বেইজিং যাচ্ছেন অজিত দোভাল। সফরে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। অন্যদিকে চীনের সীমান্তবিষয়ক বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) দুই দেশের মধ্যে বৈঠকটি হবে।

১ দিন আগে