ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে জাতিসংঘে ১৪২ দেশের ভোট

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন সংকট নিরসনে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের একটি ঘোষণাপত্র অনুমোদনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছে জাতিসংঘ সদস্যরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে এই ঘোষণাপত্রটি ১৪২টি দেশের পক্ষে এবং ১০টি দেশের বিপক্ষে ভোটে গৃহীত হয়।

এতে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা জানানোর পাশাপাশি গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও অবরোধের নিন্দা জানানো হয়েছে।

তবে, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এটিকে 'একপেশে' এবং হামাসের জন্য 'উপহারস্বরূপ' বলে সমালোচনা করেছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি মাসে বৈশ্বিক নেতাদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সাধারণ পরিষদের বার্ষিক সভা। তার আগেই গতকাল ১৪২টি দেশের ভোটে ঘোষণাপত্রটি অনুমোদনের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে ১২টি এবং বিপক্ষে অবস্থান নেয় ১০টি দেশ।

সব উপসাগরীয় আরব রাষ্ট্র ওই ঘোষণা গ্রহণের পক্ষে ভোট দেয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে ও টোঙ্গা প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়।

গত জুলাই মাসে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের ধারাবাহিকতায় সাত পৃষ্ঠার ওই ঘোষণাপত্রটি উত্থাপিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই সম্মেলন বর্জন করেছিল।

আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, সেখানে ব্রিটেনসহ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে।

সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের অনুমোদিত ঘোষণাপত্রে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরায়েলবিরোধী হামলার নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে গাজায় ইসরায়েলের হামলা, অবরোধ ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের ঘটনারও নিন্দা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এসব কার্যক্রম গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় ও সুরক্ষাজনিত সংকট সৃষ্টি করেছে।

গাজায় অবিলম্বে যুদ্ধ শেষের দাবি জানিয়ে ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটপ্রাপ্ত একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েন করতে হবে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এ প্রস্তাব হামাসকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করেছে। আজ প্রথম জাতিসংঘ একটি ঘোষণাপত্র গ্রহণ করল যেখানে হামাসের অপরাধের নিন্দা করা হয়েছে এবং তাদের আত্মসমর্পণ ও নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র এই ভোটগ্রহণ প্রক্রিয়াকে বিভ্রান্তিকর ও অপ্রাসঙ্গিক প্রদর্শনীমূলক পদক্ষেপ বলে সমালোচনা করেছে। মার্কিন কূটনীতিক মরগান ওরটেগাস বলেন, এই প্রস্তাব হামাসের জন্য উপহারস্বরূপ। শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে এই পরিষদ যুদ্ধ দীর্ঘায়িত করেছে, হামাসকে উৎসাহিত করেছে এবং স্বল্প ও দীর্ঘমেয়াদে শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

ঘোষণাপত্রকে একপেশে বলে পুরো ভোট প্রক্রিয়াকে নাটকীয়তা বলে নিন্দা করেছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, এখানে একমাত্র লাভবান পক্ষ হলো হামাস। যখন সন্ত্রাসীরা উল্লাস করছে, তখন বোঝা যায় শান্তি না বরং সন্ত্রাসই জয়ী হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

উপসাগরীয় দেশগুলোর ‘অনুরোধ’, ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার তিনি ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলেন। তবে উপসাগরীয় আরব মিত্রদের ‘অনুরোধে’ তিনি এই হামলা স্থগিত করেছেন। একই সঙ্গে যুদ্ধ বন্ধে দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি চুক্তির বিষয়ে আশাবাদী হয়ে তিনি সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন।

১৭ ঘণ্টা আগে

দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে, পাকিস্তানের হুঁশিয়ারি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারতের সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে বড় ধরনের পাল্টা অভিযান চালায়। পাকিস্তানের দাবি, ওই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি আটটি যুদ্ধবিমান— যার মধ্যে রাফালও ছিল— এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে

১৮ ঘণ্টা আগে

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ধ্বংসযজ্ঞের তথ্য গোপন যুক্তরাষ্ট্রের

যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় অন্তত ২২৮টি স্থাপনা বা সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে হ্যাঙ্গার, ব্যারাক, জ্বালানি ডিপো, বিমান, রাডার, যোগাযোগব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম।

১৮ ঘণ্টা আগে

গাজাগামী ফ্লোটিলার ৩৯টি ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েল

আন্তর্জাতিক জলসীমায় গাজা থেকে প্রায় ২৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে ইসরায়েলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে। পরে সামরিক কমান্ডোরা একে একে কয়েকটি জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয়। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে অন্তত ৪৪ জন তুর্কি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে আয়োজকরা।

১৯ ঘণ্টা আগে