ইরানের পর ইসরায়েলও জানাল, হামলা স্থগিত

ডেস্ক, রাজনীতি ডটকম
বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইরানের ওপর হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এ ঘোষণাও শর্তসাপেক্ষে কার্যকর থাকবে, যেখানে মূল শর্ত হলো ইরানের হামলা থেকে বিরত থাকা।

বিবিসির খবরে বলা হয়, সোমবার এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু এ ঘোষণা দেন। এর আগে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, ইরান কর্তৃপক্ষও ‘আপাতত’ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে।

টেলিভিশন ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইরান ও হিজবুল্লাহ আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছে। ফলে এখন আপাতত হামলার প্রয়োজন নেই। তবে তিনি এটিও ইঙ্গিত দিয়েছেন, তাদের সঙ্গে লড়াই এখনো শেষ হয়ে যায়নি।

নেতানিয়াহু বলেন, ইরান থেকে যদি ইসরায়েলের ওপর আরও হামলা চালানো হয়, তবে তার সরকার ও বাহিনী জোরালো জবাব দেবে। একই সঙ্গে নিজেদের আত্মরক্ষার পূর্ণ অধিকার প্রয়োগ করবে তারা।

নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপের কথাও উল্লেখ করেন। গত রোববার হামলা শুরু হওয়ার পর ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে বলে জানা গেছে।

এর আগে সোমবার ইরানও শর্তসাপেক্ষে ইসরায়েলের ওপর হামলা বন্ধের ঘোষণা দেয়। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি লেবাননে ফের হামলা চালায়, তবে এবারের চেয়েও ভয়াবহ ও কঠোর জবাব দেওয়া হবে।

এর আগে ইরান ও ইসরায়েলকে অবিলম্বে ‘বোমাবর্ষণ’ বন্ধ করার আহ্বান জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘ইসরায়েল ও ইরান— উভয় পক্ষই একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকরের অপেক্ষায় রয়েছে!’

ট্রাম্প বলেন, “চূড়ান্ত ‘শান্তি’ আলোচনা এগিয়ে চলেছে, যদি না কোনো অজ্ঞতা এর পথ আটকে দাঁড়ায়। তবে একটি ‘চূড়ান্ত চুক্তি’ না হওয়া পর্যন্ত অর্থনৈতিক ও সামরিক অবরোধ পূর্ণ শক্তিতে বজায় থাকবে। আশা করছি সব কিছু খুব দ্রুত এগোবে।”

সোমবার অবশ্য ইরান যুদ্ধ নতুন মোড় নিয়েছে ইয়েমেনকে কেন্দ্র করে। দেশটির সশস্ত্র বাহিনী হুতিরা বরাবরই মধ্যপ্রাচ্য সংকটে ইরানের পক্ষে ছিল। তবে তারা এতদিন সরাসরি যুদ্ধে জড়ায়নি। সোমবার হুতিদের পক্ষ থেকে ঘোষণা এসেছে, ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার জবাবে তারা এখন থেকে লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে ইসরায়েলের সব ধরনের বাণিজ্যিক ও নৌ যান চলাচল নিষিদ্ধ করেছে।

সোমবার ইসরায়েলের তেল আবিব-ইয়াফা অঞ্চলের ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ বরাবর একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হুতিরা। ইসরায়েলি সামরিক বাহিনীও ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা স্বীকার করেছে। তবে তাদের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে সে হামলা প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২০১১ সালের আরব বসন্তের পর থেকে ইরানি বলয়ে শক্তিশালী হয়ে ওঠা হুতিরা ২০২৩ ও ২০২৪ সাল জুড়ে লোহিত সাগরে হামলা চালিয়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট সুয়েজ খালে জাহাজ চলাচল স্থবির করে দিয়েছিল। ইরান যুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর ইসরায়েলি ভূখণ্ডে হুতিদের এটিই প্রথম ক্ষেপণাস্ত্র হামলা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনে প্রাইড উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত ১, আহত ১৭

শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ব্র্যান্ডেনবার্গ গেটসংলগ্ন টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

১৮ ঘণ্টা আগে

দেশের স্বার্থে ট্রাম্পের সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করব: বার্নহ্যাম

ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, নিজের কাছে যেটি সঠিক মনে হবে, সেটিই তিনি প্রকাশ করবেন। ব্রিটেনের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হলে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধেও কথা বলতে তাঁর দ্বিধা থাকবে না।

১৮ ঘণ্টা আগে

স্বস্তিতে সিজেপি নেতা অভিজিৎ দিপকে, বললেন— ‘এটা কেবল শুরু’

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ৩০ বছর বয়সী অভিজিৎ বলেন, দীর্ঘ আন্দোলনের পর অবশেষে নিশ্চিন্তে ঘুমাতে পেরেছেন তিনি।

২০ ঘণ্টা আগে

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

প্রতিরক্ষা শঙ্কার পাশাপাশি মার্কিন প্রশাসনের ভেতরে এক ধরণের রাজনৈতিক সংশয়ও তৈরি হয়েছে। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের মতে, ক্রমাগত হামলায় ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করা সম্ভব হয়নি। উল্টো বিদেশি আগ্রাসনের মুখোমুখি হয়ে দেশটির সাধারণ জনগণ ও রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে সব মতভেদ ভুলে আরও ঐক্যবদ্ধ হয়ে

১ দিন আগে