জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২২: ২৩
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত করার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ছবি: এনএইচকে

জাপানের উত্তরপূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি পরিবহন সেবা তাৎক্ষণিকভাবে স্থগিত রাখা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, জাপানের মিসাওয়া থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ৫৩ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি, যার মাত্রা রিখটার স্কেলে ৭ দশমিক ৬।

অন্যদিকে জাপানিজ মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে আঘাত করা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল আওমরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, আওমরি, হোক্কাইডো, ইওয়াতে, মিয়াগি ও ফুকুশিমা উপকূলে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে জেএএম। ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারী মানুষকে অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, হোক্কাইডোর এই ভূমিকম্পের সূত্র ধরে উপকূল থেকে এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে, বিশেষ করে জাপান ও রাশিয়ার উপকূলে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানতে পারে।

ইস্ট জাপান রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর অঞ্চলটির কয়েকটি ট্রেন সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর সমস্যা দেখা যায়নি। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতিরও প্রাথমিক কোনো তথ্য মেলেনি।

জেএমএর তথ্য বলছে, জাপানের ভূমিকম্প তীব্রতা স্কেল (সর্বোচ্চ ৭) অনুযায়ী আওমোরি প্রিফেকচারের হাচিনোহেতে তীব্রতা ছিল ‘আপার ৬’, একই প্রিফেকচারের ওইরাসে ও হাশিকামিতে তীব্রতা রেকর্ড করা হয় ‘লোয়ার ৬’। এ ছাড়া নোহেজি ও আশপাশের এলাকা, হাকোডা ও ইওয়াতে প্রিফেকচারের কারুমাইতেও ‘আপার ৫’ ভূমিকম্প অনুভূত হয়েছে।

জাপান নিউজসহ দেশটির গণমাধ্যমগুলো বলছে, ভূমিকম্পের প্রভাবে এরই মধ্যে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস দেখা দিতে শুরু করেছে। এর মধ্যে ভূমিকম্পের চার মিনিটের মাথায় রাত ১১টা ১৯ মিনিটে হোক্কাইডোর মুরোরান বন্দরে এবং ২৩ মিনিট পরে রাত ১১টা ৩৮ মিনিটে উরাকাওয়ায় উপকূলে জলোচ্ছ্বাস আছড়ে পড়তে শুরু করেছে। উভয় স্থানেই ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা ছিল ৪০ থেকে ৫০ সেন্টিমিটার পর্যন্ত।

এ ছাড়া হোক্কাইডোর পূর্ব ও পশ্চিম প্রশান্ত উপকূল এবং আওমোরি, মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারের জাপান সাগরসংলগ্ন উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরের সক্রিয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। সারা বিশ্বে রিখটার স্কেলে ৬ বা তার বেশি মাত্রার যত ভূমিকম্প হয়, তার প্রায় ২০ শতাংশই ঘটে এই দেশটিতে। ২০১১ সালের মার্চে দেশটিতে আঘাত হানা ৯ মাত্রার ভূমিকম্প বয়ে এনেছিল ভয়াবহ সুনামি, যার ধ্বংসযজ্ঞ এখনো জাপানের বিভিন্ন অঞ্চলে দগদগে ক্ষত হয়ে রয়ে গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে কাঁপল ব্রাজিলও

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

৯ ঘণ্টা আগে

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রায় উত্তাপ ছড়াচ্ছে ‘এসি’ বিতর্ক

দীর্ঘদিন ধরে পরিবেশগত কারণে এয়ারকনের ব্যবহার সীমিত রাখার নীতি অনুসরণ করে আসা দেশটি এখন বাস্তবতার মুখোমুখি। একদিকে রেকর্ড তাপমাত্রা, অন্যদিকে হাসপাতাল, স্কুল ও গণসেবার ওপর বাড়তে থাকা চাপ— এ পরিস্থিতি ফ্রান্সের রাজনীতি, পরিবেশনীতি ও জনস্বাস্থ্যের আলোচনাকে নতুন মোড় দিয়েছে।

১০ ঘণ্টা আগে

জোড়া ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু হতাহতের শঙ্কা

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ঝাঁকুনিটির উৎপত্তিস্থল ছিল ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

১১ ঘণ্টা আগে

উষ্ণতায় রেকর্ড যুক্তরাজ্যেও, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

এর মাধ্যমে ১৯৫৭ ও ১৯৭৬ সালে গড়া জুন মাসের আগের সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে গেছে। তবে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এখনো ২০২২ সালের ১৯ জুলাই লিংকনশায়ারের কনিংসবিতে রেকর্ড হওয়া ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

২০ ঘণ্টা আগে