ইসরায়েল থেকে ২২শ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আ.লীগ সরকার

ডেস্ক, রাজনীতি ডটকম

টেকনোগ্লোবাল ইনস্টিটিউট-এর সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ সরকার নজরদারি প্রযুক্তি ও স্পাইওয়্যার আমদানিতে প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৪০ কোটি টাকা) ব্যয় করেছে। এ সময়ে ১৬০টিরও বেশি বিভিন্ন ধরনের নজরদারি সরঞ্জাম দেশে আমদানি ও ব্যবহার করা হয়েছে।

অনুসন্ধানী এই প্রতিবেদনে বলা হয়েছে, এই সাইবার নজরদারি প্রযুক্তি রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, বিশেষ করে নির্বাচনের সময় এবং গণবিক্ষোভ দমনের ক্ষেত্রে। অনুসন্ধানী প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, এসব প্রযুক্তি কেনার প্রক্রিয়া ছিল অস্বচ্ছ এবং প্রায়শই তৃতীয় কোনো দেশের মাধ্যমে এগুলো সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালে ৯/১১ যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা এবং ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান বেকারিতে হামলার পর সন্ত্রাস দমনের অজুহাতে বাংলাদেশে নজরদারির পরিধি বাড়ানো হয়। ফলে গত এক দশকে বাংলাদেশের নজরদারি ব্যবস্থা ঔপনিবেশিক আমলের পুলিশিং কাঠামো থেকে একটি আধুনিক সাইবার-ভিত্তিক নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের আমদানি করা প্রযুক্তির তালিকায় রয়েছে আইএমএসআই ক্যাচার, ওয়াই-ফাই ইন্টারসেপ্টর, সেলিব্রাইট, ফিনফিশার এবং প্রিডেটরের মতো উন্নত স্পাইওয়্যার। এসব প্রযুক্তি ব্যবহার করে বিস্তৃত পরিসরে এবং অনেক ক্ষেত্রেই কোনো ধরনের পরোয়ানা ছাড়াই নজরদারি চালানো সম্ভব। এই ১৯০ মিলিয়ন ডলারের ব্যয়ের মধ্যে কমপক্ষে ৪০ মিলিয়ন ডলার খরচ হয়েছে ‘ইসরায়েলি’ উৎস থেকে আসা প্রযুক্তির জন্য, যা বিশ্বের বিভিন্ন স্বৈরাচারী সরকারও ব্যবহার করে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, র‍্যাব ও পুলিশ ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্ক ইন্টারসেপশন, সিগন্যাল জ্যামিং এবং বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রযুক্তি কিনেছে। অন্যদিকে, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) সেল নেটওয়ার্ক পর্যবেক্ষণ, ফোনালাপ ট্যাপ করা এবং সিগন্যাল জ্যামিংয়ের অবকাঠামো তৈরিতে মনোযোগ দিয়েছে। ২০১৫ সালে সংস্থাটি সিটিজেন ল্যাব থেকে ফিনফিশার নামক একটি কম্পিউটার স্পাইওয়্যার কিনেছিল, যা ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করে তথ্য চুরি করতে সক্ষম।

অনুসন্ধানে আরও দেখা গেছে, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানি বাংলাদেশের কাছে নজরদারি প্রযুক্তি বিক্রি করেছে। তবে সবচেয়ে বিতর্কিত বিষয়টি হলো, ‘ইসরায়েল’-এর সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও সেলেব্রাইট, এনএসও গ্রুপ (পেগাসাস), ইনটেলেক্সা, কোরালকো টেক এবং ইউটিএক্স টেকনোলজিস-এর মতো ‘ইসরায়েলি’ সংস্থার তৈরি প্রযুক্তি বাংলাদেশে প্রবেশ করেছে।

এই প্রযুক্তিগুলো সাইপ্রাস, সিঙ্গাপুর ও হাঙ্গেরির মতো তৃতীয় দেশের মাধ্যমে কেনা হয়েছে। উদাহরণস্বরূপ, ‘ইসরায়েলি’ সংবাদমাধ্যম হারেৎজ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ‘ইসরায়েল’-এর একজন সাবেক গোয়েন্দা কমান্ডারের পরিচালিত ‘প্যাসিটোরা’ নামক একটি সাইপ্রাস-নিবন্ধিত কোম্পানির কাছ থেকে বাংলাদেশ তৎকালীন সরকার নজরদারির সরঞ্জাম কিনেছে।

এ ছাড়াও, তুরস্কের স্পাইওয়্যার ফার্ম বিলগি টেকনোলজি টাসারিম (বিটিটি)-ও বাংলাদেশে নজরদারি সরঞ্জাম বিক্রি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টেকনোগ্লোবাল ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নজরদারি ব্যবস্থার এই বিস্তারের পেছনে আইনি দুর্বলতা একটি বড় কারণ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১, টেলিগ্রাফ আইন, ১৮৮৫ এবং ওয়্যারলেস টেলিগ্রাফি আইন, ১৯৩৩-এর মতো পুরোনো আইনগুলোকে ব্যবহার করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ব্যাপক নজরদারির ক্ষমতা দেওয়া হয়েছে।

এই প্রক্রিয়ায় কোনো ধরনের সংসদীয় তদারকি, বিচারিক সম্পৃক্ততা বা জবাবদিহিতার ব্যবস্থা নেই, যার ফলে রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থা জনগণের সুরক্ষার পরিবর্তে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমনের একটি হাতিয়ারে পরিণত হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের আগে নজরদারি প্রযুক্তি কেনার পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল, যা রাজনৈতিক ও নাগরিক আন্দোলন দমনে এগুলোর ব্যবহারের দিকে ইঙ্গিত করে। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও র‍্যাবকে জনসমাবেশ ও বিক্ষোভে ব্যবহারের জন্য মোবাইল ইন্টারসেপশন ডিভাইস কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এই পদ্ধতিগত সংকট নিরসনে প্রতিবেদনে জরুরি ভিত্তিতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের সুপারিশ করা হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, যদি এই ধরনের সংস্কার না করা হয়, তবে বাংলাদেশে একটি ডিজিটাল স্বৈরাচারী শাসনের মডেল আরও শক্তিশালী হওয়ার ঝুঁকি রয়েছে, যেখানে নজরদারি জনগণের নিরাপত্তা বা স্বার্থের পরিবর্তে রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এক মাসে দ্বিতীয়বার জ্বালানির দাম বাড়ল পাকিস্তানে

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার।

৬ ঘণ্টা আগে

ইরানের উচিত ‘বিজয় ঘোষণা’ করে একটি চুক্তিতে আসা: জাভেদ জারিফ

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাত অবসানে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ একটি চাঞ্চল্যকর শান্তি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের উচিত এখনই ‘বিজয় ঘোষণা’ করে এমন একটি চুক্তিতে আসা, যা বর্তমান যুদ্ধ থামানোর পাশাপাশি ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা দূর করবে।

৬ ঘণ্টা আগে

এভারেস্টে কেলেঙ্কারি: বিমার টাকা হাতিয়ে নিতে পর্যটকদের ‘বিষ’ প্রয়োগ!

এই চক্রটি হিমালয়ের দুর্গম সব শৃঙ্গে আরোহণ করতে যাওয়া পর্যটকদের খাবারে সুকৌশলে বিষ মেশাত। এরপর পর্যটকরা অসুস্থ হয়ে গেলে তাদের উদ্ধার করার জন্য হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালানোর নাম করে হাতিয়ে নেওয়া হতো বিমার টাকা। এ চক্রের হাতে এরই মধ্যে প্রায় ২৫০ কোটি টাকা (২ কোটি মার্কি ডলার) জালিয়াতি হয়েছে বলে জ

৯ ঘণ্টা আগে

এবার বরখাস্ত হলেন মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ

মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) পেন্টাগনের শীর্ষ পর্যায়ে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

১০ ঘণ্টা আগে