পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী হামলা, নিহত ১১

ডেস্ক, রাজনীতি ডটকম
পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী হামলা, নিহত ১১

পাকিস্তানের উত্তরাঞ্চলে পুলিশ, সামরিক বাহিনী ও কাস্টমস কর্মীদের যৌথভাবে পরিচালিত একটি নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা সাইফুল্লাহ খানের বরাতে এএফপি জানাচ্ছে, শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে চেকপোস্টটিতে হামলা চালানো হয়। তার ভাষ্য, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী নিরাপত্তাচৌকিতে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে।

সাইফুল্লাহ খান বলেন, ‘একজন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে চেকপোস্টে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই ১১ জন প্রাণ হারান।’

উদ্ধারকারী সংস্থা ১১২২-এর কর্মকর্তা বিলাল ফৌজি জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত ১৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন স্বীকার করেনি।

এর আগে চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের কোহাট শহরের একটি পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় ১৬ জন পুলিশ সদস্যসহ ৩১ জন নিহত হন।

পাকিস্তান দীর্ঘদিন ধরে খাইবার পাখতুনখাওয়া ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে জঙ্গি ও সহিংস হামলার পেছনে আফগানিস্তান থেকে পরিচালিত সশস্ত্র তৎপরতাকে দায়ী করে আসছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার তাদের ভূখণ্ড থেকে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ অস্বীকার করেছে।

দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি হয়েছে। পরিস্থিতি একপর্যায়ে সশস্ত্র সংঘাতেও গড়িয়েছে। এর মধ্যে পাকিস্তান আফগান ভূখণ্ডে কথিত জঙ্গি আস্তানা লক্ষ্য করে কয়েক দফা প্রাণঘাতী বিমান হামলাও চালিয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement