জীবিত একজনই, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের বাকি ২৪১ আরোহীর সবাই নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
বিমানের আরোহী ২৪২ জনের মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। ছবি: আনন্দবাজার

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা ছিল না বলেই জানিয়েছিল পুলিশ। ওই দুর্ঘটনার ঘণ্টা ছয়েক পর একজনকে জীবিত অবস্থায় পাওয়া যায়। বাকি ২৪১ জনের আর কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ১টার দিকে এয়ার ইন্ডিয়া তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ২৪১ আরোহীর সবার প্রাণ হারানোর তথ্য জানিয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের পথে রওয়ানা দেওয়া এআই১৭১ ফ্লাইটটি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। উড্ডয়নের পরপরই সেটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা মোট ২৪২ জনের মধ্যে ২৪১ জন নিহত হয়েছেন। মাত্র একজন ব্যক্তি বেঁচে আছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। পোস্টে তারা জানিয়েছে, এ দুর্ঘটনার তদন্তে তারা সার্বিক সহযোগিতা করবে।

২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৮ মিনিট) গুজরাটের অহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দর ছিল এর গন্তব্য। যাত্রা শুরুর পরপরই গুজরাটের মেঘানিনগরে লোকালয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

সন্ধ্যার দিকে আহমেদাবাদের পুলিশ প্রধান জি এস মালিক জানান, ওই ফ্লাইটের কোনো আরোহীর জীবিত থাকার সম্ভাবনা তারা দেখছেন না। তবে এর ঘণ্টাখানেক পর বিমানটির ১১এ সিটের যাত্রীকে জীবিত পাওয়া যায়।

পুলিশ কমিশনার বলেন, বিশোয়াস কুমার রমেশ নামে ওই ব্রিটিশ নাগরিক বিমানটির ১১এ নম্বর আসনে বসেছিলেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় মরদেহগুলো শনাক্ত করার কার্যক্রমও শুরু হয়েছে আহমেদাবাদে। গুজরাটের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ধনঞ্জয় দ্বিবেদী জানিয়েছেন, যেসব যাত্রীর মরদেহ শনাক্ত করার অবস্থায় নেই, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে— এমন আত্মীয় অর্থাৎ মা-বাবা কিংবা সন্তানের ডিএনএ সংগ্রহ করা হবে সিভিল হাসপাতালে।

এদিকে আহমেদাবাদের যে ভবনটিতে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছে, সেই মেডিকেল ছাত্রদের হোস্টেলে অন্তত চারজন নিহতের তথ্য পাওয়া গেছে।

বিজে মেডিকেল কলেজের ছাত্রদের ওই হোস্টেলের ডিন মীণাক্ষী পারেখ বিবিসিকে বলেন, হোস্টেলের খাবার ঘরে প্রথম ধাক্কা মারে, তারপর হোস্টেলেরই আরেকটি ভবনে গিয়ে পড়ে বিমানটি। ওই সময় অনেক ছাত্রই খাবার ঘরে দুপুরের খাবার খেতে বসেছিলেন।

ড. পারেখ আরও বলেন, বেশির ভাগ ছাত্রই পালিয়ে যেতে পেরেছিল। কিন্তু ভবনটিতে আগুন ধরে যায়। প্রচুর ধোঁয়া বেরচ্ছিল। অন্তত ১০-১২ জন ছাত্র আটকে পড়ে। আমরা এখন সব ছাত্রদের ফোন করে খোঁজ নিচ্ছি যে তারা সুস্থ আছে কি না। এখন পর্যন্ত তিনজন ছাত্র এবং একজন চিকিৎসকের বাড়িতে কর্মরত এক নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে।

এয়ার ইন্ডিয়ার এ দুর্ঘটনাটিকে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা মনে করা হচ্ছে। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন এ ফ্লাইটে। রুপানি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ অবরোধ: পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক

বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ এবং এতে থাকা প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। জাহাজগুলোর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে।

৬ ঘণ্টা আগে

বাগদাদে মার্কিন দূতাবাসে যেকোনো সময় হামলা, সতর্কতা জারি

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্র

৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইউরোপের জনগণের প্রতি কোনো শত্রুতা নেই: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র, ইউরোপ বা তার প্রতিবেশী দেশগুলোর জনগণের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। মার্কিন জনগণকে দেয়া এক খোলা চিঠিতে এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, যুদ্ধবিরতির অনুরোধ করেছে ইরান। তবে বরাবরের মতই এ দাবি অস্বীকার করেছে

১১ ঘণ্টা আগে

বিস্ফোরণে তছনছ বুরুন্ডির সামরিক ঘাঁটি, হতাহত ৭০

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর নিকটবর্তী বুজুমবুরা শহরের উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণ ঘটে।

১১ ঘণ্টা আগে