সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকের পর মস্কোর পথে পেজেশকিয়ান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আঞ্চলিক উত্তেজনা কমানো, কূটনৈতিক সমাধানের পথ খোঁজা ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নিয়ে এ বৈঠকে আলোচনার পর মস্কোর উদ্দেশে তেহরান ছাড়ছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে পেজেশকিয়ানের এ বৈঠক অনুষ্ঠিত হয়। মস্কোতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
সোমবার তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। এর আগে তিন দেশের প্রতিনিধিরা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে আলোচনা করেন।
বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক গত আগস্টে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। ইরানের সঙ্গে বৈঠকটি ওই তিন দেশের জোটের সদস্যদের প্রথম সম্মিলিত উচ্চপর্যায়ের যোগাযোগ। আঞ্চলিক নিরাপত্তা, ইসরায়েলের কর্মকাণ্ড এবং ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি ছিল আলোচনার অন্যতম বিষয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নতুন করে যাতে বড় আকার না নেয়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং মতপার্থক্য নিরসনে ইরান পদক্ষেপ নিতে প্রস্তুত। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, অভিন্ন সক্ষমতাকে কাজে লাগিয়ে আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা জোরদার করতে পারে।
সৌদি আরবের পক্ষ থেকেও বলা হয়েছে, বৈঠকের লক্ষ্য উত্তেজনা কমানো এবং সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা। কাতার ও পাকিস্তানের চলমান মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করাও এর উদ্দেশ্যের অংশ।
এই কূটনৈতিক তৎপরতার পরই মস্কোর পথে পেজেশকিয়ান। মঙ্গলবার মস্কোয় জিইসিএফের অষ্টম শীর্ষ সম্মেলনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। একই সফরে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগেই জানিয়েছিলেন, মস্কো সফরে পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা

-attend-a-military-march-in-Tehran-25-10-2026-2c75cd.jpg)








-e7700f-256x144.webp)



