ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে ‘পূর্ণ শক্তিতে’ পালটা হামলা: ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের দক্ষিণাঞ্চলের একটি সেতু। ছবি: সংগৃহীত

ইরানের কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানলে ‘পূর্ণ শক্তি’ দিয়ে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার (১৯ জুলাই) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘ইরান যদি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাদের ওপর হামলা চালাব।’ তিনি জানান, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক— উভয় ধরনের প্রস্তুতি নিয়েছে।

এদিকে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে ইসরায়েলে অতিরিক্ত কয়েক ডজন আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সাম্প্রতিক হামলায় ইরান এবার যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি আরব দেশকে লক্ষ্যবস্তু করেছে। রোববার কুয়েতের একটি বিদ্যুৎ ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় টানা দ্বিতীয় দিনের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একই সঙ্গে জর্ডান ও বাহরাইনেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান।

জর্ডানের রাজধানী আম্মানে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। দেশটির সরকার জানিয়েছে, তাদের লক্ষ্য করে ছোড়া তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ হামলাগুলো সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে না হলেও সংঘাত দ্রুত সীমান্ত অতিক্রম করে আবারও পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে তেল আবিব।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই বেসামরিক অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধবিরতি চুক্তি থেকে ইরান সরে দাঁড়িয়েছে কি না, তা নিয়ে তিনি ‘একেবারেই চিন্তিত নন’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘নরকের দরজা এখন এমনভাবে খুলে গেছে, যা তারা কখনো কল্পনাও করেনি।’

শুক্রবার জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওই হামলার পর আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন।

এর জবাবে টানা অষ্টম দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা অবকাঠামো, নৌ সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। একই সঙ্গে নিহত মার্কিন সেনাদের ঘটনায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) ‘দ্রুত শাস্তি’ দেওয়ার কথাও জানিয়েছে তারা।

ইরানের দাবি, চলতি মাসে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তেহরান আরও অভিযোগ করেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দারখোভিনে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, স্থাপনাটিতে এখনো কোনো পারমাণবিক উপাদান ছিল না। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

একই সময়ে হরমুজ প্রণালিতেও চাপ বাড়িয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, তেহরানের অনুমোদন ছাড়া ‘অনিরাপদ পথ’ ব্যবহার করে চলাচলের সময় দুটি জাহাজ দুর্ঘটনায় পড়েছে।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের কথায় প্রভাবিত হয়ে অনুমোদনহীন পথে চলাচলকারী জাহাজগুলো ভবিষ্যতেও একই ধরনের ঘটনার মুখে পড়তে পারে। এরই মধ্যে আরও দুটি জাহাজ হরমুজ প্রণালি থেকে ফিরে গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র সবসময় কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। আমরা ইরানের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই চেষ্টা চালিয়ে যাব। আলোচনার সেই দরজা যদি উন্মুক্ত হয়, তবে আমরা অবশ্যই তা স্বাগত জানাব।’

৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, ড্রোনে মার্কিন সেনা নিহত

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় এক সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ১৮ জুলাই ওই সেনা নিহত হন। এ সময় ড্রোনটি বিস্ফোরিত হলে আরও এক সেনা আহত হন। তবে নিহত সেনার নাম-পরিচয় জানানো হয়নি।

৯ ঘণ্টা আগে

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ

এক বিবৃতিতে এইওআই বলেছে, “যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ও অপরাধী সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসী ও বর্বর হামলা চালিয়েছে।”

১ দিন আগে

রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কাঁপলো কিয়েভ

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানচ্ছে, রোববার ভোরে ঘণ্টাব্যাপী এই হামলায় কিয়েভের অন্তত ছয়টি জেলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এতে একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।

১ দিন আগে