২৪ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্রের প্রাথমিক শান্তি চুক্তি: পাকিস্তান

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের রাজধানী তেহরানের একটি সড়কে মোটরসাইকেল আরোহীরা চলাচল করছেন। পেছনে দেখা যাচ্ছে ইসলামি বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনি এবং ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি সংবলিত দেয়ালচিত্র। ফাইল ছবি: রয়টার্স

দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশ দুটির মধ্যে এই প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এমনটাই জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, পাকিস্তান ইতোমধ্যেই একটি ডিজিটাল স্বাক্ষর প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। এর পরপরই আগামী সপ্তাহে শুরু হবে কারিগরি পর্যায়ের আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ লিখেছেন, 'আমরা একটি শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তান চুক্তিটি অবিলম্বে ইলেকট্রনিক মাধ্যমে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে এবং এর পরপরই আগামী সপ্তাহে কারিগরি স্তরের আলোচনা শুরু হবে।' তিনি আরও যোগ করেন, 'আমরা আত্মবিশ্বাসী যে, এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।'

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়। এর জবাবে পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সময়ে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলে রকেট হামলা শুরু করলে, ইসরায়েল ও ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।

গত তিন মাসের এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যার সিংহভাগই ইরান ও লেবাননে। এর পাশাপাশি বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা খায়।

কী আছে এই চুক্তিতে?

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চুক্তিতে এখনো কিছু পরিবর্তনের সুযোগ থাকলেও, এই সাময়িক চুক্তিটি প্রমাণ করে যে ইরান এই সংঘাত থেকে আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে।'

তবে আরাগচির এই মন্তব্যের মাত্র কয়েক ঘণ্টা পরই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রয়টার্সকে দেওয়া একটি সূত্রের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের বেশ কয়েকটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ (আত্মঘাতী ড্রোন) গুলি করে ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি জানায়, ড্রোনগুলো ওই অঞ্চলের বাণিজ্যিক জাহাজের জন্য বড় হুমকি ছিল। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানায়, বর্তমানে সমুদ্রপথটি সম্পূর্ণ সচল ও নিরাপদ রয়েছে।

এদিকে শান্তি আলোচনার সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী— অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। এরপরই আলোচনা শুরু হবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরমাণু কর্মসূচি বন্ধের অজুহাত দিয়েই মূলত যুদ্ধ শুরু করেছিলেন।

হোয়াইট হাউজের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, এই চুক্তিটি প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্যগুলো পূরণ করতে সক্ষম হয়েছে এবং পরবর্তী আলোচনার পরিবেশকে 'খুবই ভালো একটি অবস্থানে' নিয়ে গেছে।

রয়টার্সের হাতে আসা চুক্তির খসড়া অনুযায়ী, ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করে দেয়, তবে বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছাড় দেওয়া শুরু করবে এবং দেশটির তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করবে।

পরবর্তী ৬০ দিনের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মূল আলোচনা অনুষ্ঠিত হবে। মার্কিন ওই কর্মকর্তার দাবি, এই চুক্তির চূড়ান্ত পরিণতি হবে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ বা ধ্বংস করা। একই সঙ্গে ইরানের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস এবং তা দেশ থেকে অপসারণ করা হবে।

তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করার বিষয়টি মেনে নেয়নি। তারা এই ইউরেনিয়াম নিষ্ক্রিয় বা তরলীকৃত অবস্থায় নিজেদের কাছেই রেখে দিতে চায়।

সূত্রগুলো আরও জানিয়েছে, এই প্রস্তাবের মধ্যে তেহরানের জন্য যুদ্ধকালীন সম্ভাব্য ক্ষতিপূরণ এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর থেকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিধিনিষেধের দাবি প্রত্যাহারের বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। তবে মার্কিন প্রশাসন এই দাবিটি পুরোপুরি অস্বীকার করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে বন্ধ হবে বাব আল-মান্দেব— হুতিদের প্রস্তুত রেখেছে ইরান

হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাহাজ চলাচলে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের হোদেইদাহ ও এডেন উপসাগরের দিকে নজর রাখা পার্বত্য এলাকায় এবং লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির আশপাশে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে। এখন শুধু হামলা শুরুর নির্দেশের অপেক্ষায় রয়েছে তা

১৮ ঘণ্টা আগে

বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও কঠোর ভিসা নীতি যুক্তরাষ্ট্রের

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আর অনুমতি ছাড়া তাদের শিক্ষাগত লক্ষ্য পরিবর্তন করতে পারবেন না বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবেন না। এ ছাড়া ডিগ্রি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য যে ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ ছিল, তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

রিলায়েন্সের সার্ভার হ্যাক, ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নথি ফাঁস

র‍্যানসমওয়্যার গোষ্ঠী ‘ওয়ার্ল্ড লিকস’ ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের সার্ভারে সাইবার হামলা চালিয়ে দেশটির বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম-সংক্রান্ত হাজারো সংবেদনশীল নথি ফাঁস করেছে।

১ দিন আগে

মিয়ানমারের উপকূলে নৌকাডুবিতে ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, জুনের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৌকা দুটি যাত্রা শুরু করে। এতে ৫০০ জনের বেশি যাত্রী ছিলেন, যাদের বেশির ভাগই জাতিগত সংখ্য

১ দিন আগে