ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোয় বিমান চলাচল ব্যাহত, পালটা হামলায় নিহত ৬

ডেস্ক, রাজনীতি ডটকম
ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়া হামলা চালালে ইউক্রেনে অন্তত ৬ জন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোর, তার বাবা এবং এক বৃদ্ধাও রয়েছেন। খবর রয়টার্সের।

সোমবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীমুখী ৮৪টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। ড্রোনগুলোর ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে। একই সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশটির আকাশে মোট ৩০১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চলও রয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা মস্কো অঞ্চলের দুবনা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রেও হামলা চালিয়েছে। গত সপ্তাহে মস্কোর একমাত্র তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর রাজধানীতে এটি ছিল আরেকটি বড় আকাশ হামলা।

ইউক্রেনে প্রাণহানি, কৃষি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় ১৩ বছর বয়সী এক ছেলে, তার ৩৬ বছর বয়সী বাবা এবং ৭৩ বছর বয়সী এক নারী নিহত হন। দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝিয়ায় পৃথক ড্রোন হামলায় আরও দুজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। এ ছাড়া রোববার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের একটি কৃষি স্থাপনায় ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও তিনজন আহত হন। হামলায় যানবাহন ও জ্বালানি সংরক্ষণাগারে আগুন ধরে যায়।

এদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপলে নিরাপত্তার কারণে সব উন্মুক্ত জনসমাগমের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে রাতের সড়কবাতিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ক্রিমিয়ায় সাধারণ মানুষের জন্য জ্বালানি বিক্রিও স্থগিত রাখা হয়েছে।

কৃষ্ণসাগরেও উত্তেজনা বেড়েছে। ইউক্রেনের নৌ বাহিনীর দাবি, রুশ ড্রোন হামলায় পানামার পতাকাবাহী তুর্কি মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ভিকট্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫৮ বছর বয়সী এক মিসরীয় রাঁধুনি নিহত হন এবং তুরস্ক ও ভারতের নাগরিকসহ আট নাবিক লাইফবোটে করে জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। এ ছাড়া পালাউ ও বেলিজের পতাকাবাহী আরও দুটি জাহাজও হামলার মুখে পড়লেও সেগুলো পরে যাত্রা অব্যাহত রাখে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, কৃষ্ণসাগরের নিরাপত্তা ও বাণিজ্যের জন্য রাশিয়াই এখন সবচেয়ে বড় হুমকি। অন্যদিকে যুদ্ধের শুরু থেকেই রাশিয়া ইউক্রেনের সমুদ্রবন্দর ও রপ্তানি রুটে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, যা দেশটির যুদ্ধকালীন অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৬ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বার্নহ্যাম, শপথ নিলেন এমপি হিসেবে

ওয়েস্টমিনস্টারে ফিরে আসা বার্নহ্যাম সোমবার (২২ জুন) হাউজ অব কমন্সে শপথ নেন। হাউজ অব কমন্সে তার শপথ গ্রহণ ঘিরে লেবার পার্টির এমপিদের উচ্ছ্বাস ও দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য সমর্থন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকে স্পষ্টভাবে এগিয়ে দিয়েছে।

১৬ ঘণ্টা আগে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ যেন মিউজিক্যাল চেয়ার, ১০ বছরে পদত্যাগ ৬ জনের

অথচ এর আগে যুক্তরাজ্যের রাজনীতি ছিল যথেষ্ট স্থিতিশীল। গত শতকের শেষ চতুর্ভাগে প্রায় ১১ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচার।

২১ ঘণ্টা আগে

আসছে শরতেই সরে দাঁড়াবেন— জানিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশেষে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আসছে শরতেই প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এ নিয়ে গত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন স্টারমার।

১ দিন আগে