ফ্রি বিদ্যুৎ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী— শপথ নিয়েই বিজয়ের ঘোষণা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মে ২০২৬, ১৫: ২৬
ফ্রি বিদ্যুৎ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী— শপথ নিয়েই বিজয়ের ঘোষণা

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। আজ রোববার শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন সরকার গঠন করলেন তিনি।

শপথ নেওয়ার পর দেওয়া প্রথম ভাষণেই জনগণের জন্য একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা দেন বিজয়। তিনি জানান, যেসব পরিবার মাসে ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করে, তাদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা জোরদার এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বক্তব্যে নতুন মুখ্যমন্ত্রী বলেন, 'নারীদের নিরাপত্তার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি। শিক্ষা, স্বাস্থ্য, পানি, কৃষক এবং জেলেদের কল্যাণেও কাজ করব।'

নিজের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গ টেনে আবেগঘন বক্তব্য দেন তিনি। বিজয় বলেন, 'একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা সম্পর্কে জানি। আমি কোনো রাজ পরিবার থেকে আসিনি। জীবনে অনেক কঠিন সময় দেখেছি। মানুষ আমাকে অপমানও করেছে। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। আপনারা আমাকে হৃদয়ে স্থান দিয়েছেন।'

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে অবাস্তব প্রতিশ্রুতি দেবেন না এবং যে কাজ বাস্তবে করা সম্ভব নয়, সেটি নিয়ে কোনো ঘোষণা দেবেন না। নতুন সরকারের মূল দর্শন হিসেবে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার এবং “বাস্তবতার নতুন যুগ”-এর কথা তুলে ধরেন বিজয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রবীণ বামপন্থী নেতা এম এ বেবি এবং অন্য জোট শরিকদের তিনি ধন্যবাদ জানান। রাহুল গান্ধী ৪ মের নির্বাচনী ফলাফলের পর থেকেই বিজয়ের পাশে ছিলেন এবং মঞ্চেও তাঁকে অভিনন্দন জানান। সরকার গঠনে সহযোগিতার জন্য কংগ্রেসকেও ধন্যবাদ জানান বিজয়। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন।

রাজনীতি/একে

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement