ভারতের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না: মিয়ানমার

ডেস্ক, রাজনীতি ডটকম
সোমবার ভারত সফরের তৃতীয় দিনে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। ছবি: রয়টার্স

নিজদের ভূখণ্ড ‘ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না’ বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। গতকাল সোমবার ভারত সফররত মিয়ানমারের প্রেসিডেন্ট এই আশ্বাস দেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, অতীতে ভারতের উত্তরপূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো মিয়ানমারের ভেতরে ঘাঁটি গেড়ে কার্যক্রম চালানোর বিষয়ে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করেছে। মোদি-মিনের দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জোর দিয়ে বলেন, ‘মিয়ানমারে স্থিতিশীলতা ও শান্তি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বার্থের বিষয়।’

গত ৩০ মে পাঁচ দিনের সফরে ভারত পৌঁছান মিন অং হ্লাইং। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। সাবেক সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং গত ৩ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পাঁচ বছর আগে তিনি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নির্বাচিত সরকারকে উৎখাত করেছিলেন।

এর আগে, গত শনিবার বিহার রাজ্যে বুদ্ধগয়া সফর শেষে দিল্লিতে পৌঁছান মিয়ানমারের প্রেসিডেন্ট। সফরকালে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার তার মুম্বাই যাওয়ার কথা রয়েছে।

গতকাল দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, দুই নেতা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মাটির খনিজ (রেয়ার আর্থ) এবং সংযোগ অবকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা করেছেন। মোদি একই সঙ্গে নোবেলজয়ী অং সান সু চির বিষয়টিও উত্থাপন করেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি মিয়ানমারে আটক রয়েছেন।

মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) মিয়ানমার ইউনিয়ন প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই জোর দিয়েছে, কোনো দেশের সার্বভৌম ভূখণ্ড যেন এমন কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়, যা তাদের নিরাপত্তা স্বার্থের পরিপন্থি। বিশেষ করে মিয়ানমারের প্রেসিডেন্ট পুনরায় আশ্বাস দিয়েছেন, তাদের ভূখণ্ড ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি মূলত মিয়ানমার রাষ্ট্রের সেই প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত, যার মাধ্যমে তারা সব জাতিগত সশস্ত্র সংগঠন ও গোষ্ঠীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে এনে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে চায়। এ বিষয়ে আমাদের স্বাভাবিকভাবেই আগ্রহ রয়েছে। কারণ মিয়ানমারে স্থিতিশীলতা ও শান্তি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু উত্তরপূর্বাঞ্চলের নিরাপত্তা কিংবা আমাদের সঙ্গে থাকা ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বসবাসকারী মানুষের সুরক্ষার জন্যই নয়, দক্ষিণপূর্ব এশিয়ার সঙ্গে আমাদের সংযোগ-স্বার্থের কারণেও এটি গুরুত্বপূর্ণ।’

মিশ্রি বলেন, ‘মিয়ানমারের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুরো আসিয়ানের সংহতির জন্যও গুরুত্বপূর্ণ। কারণ আসিয়ান কাঠামোর মধ্যে মিয়ানমার একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ দেশ।’ আঞ্চলিক গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘এ ছাড়া সীমান্তসংলগ্ন মিয়ানমার এলাকায় ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট ফের আশ্বাস দিয়েছেন, মিয়ানমার এ উদ্বেগ সম্পর্কে সংবেদনশীল এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, যাতে এসব কর্মকাণ্ড ভারতের নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে না ওঠে।’

মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পৃক্ততা সেখানে বিদ্যমান অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার ওপর কোনো মন্তব্য করার উদ্দেশ্যে নয় বলে উল্লেখ করে মিশ্রি, তিনি বলেন, ‘আমরা সব সময় বিশ্বাস করেছি যে ধারাবাহিক সংলাপই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য এটি একটি অপরিহার্য বিষয়। এর সমাধান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মধ্যে নেই। তাই আমরা ধারাবাহিকভাবে সম্পৃক্ত থেকেছি এবং সম্পৃক্ত থাকার পাশাপাশি গণতন্ত্র, শান্তি প্রক্রিয়া, অন্তর্ভুক্তি এবং আলোচনায় সব অংশীজনের উপস্থিতির অপরিহার্যতার বিষয়ে আমাদের মতামত তুলে ধরেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় বিশ্বাস করেছি, মিয়ানমারের সামনে যে সংকটগুলো রয়েছে, সেগুলোর সমাধান শেষ পর্যন্ত মিয়ানমারের জনগণকেই নিজেদের মধ্যে আলোচনা করে বের করতে হবে। এটি মিয়ানমারের নেতৃত্বে পরিচালিত এবং মিয়ানমারের নিজস্ব সমাধান হতে হবে।’

প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কে মিশ্রি বলেন, এর মূল কেন্দ্রবিন্দু হলো প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম। তিনি বলেন, ‘আমাদের মধ্যে ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সীমান্তকে ঘিরে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও নিরাপত্তা-সংক্রান্ত স্বার্থ রয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থার বৈঠকগুলোতে এসব বিষয়ও আলোচনা হয়।’

ভারত-মিয়ানমার সংযোগ প্রকল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প হলো কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপক্ষীয় মহাসড়ক প্রকল্প। এ বিষয়ে মিশ্রি বলেন, ‘প্রকল্প দুটি বহু বছর ধরে চলমান এবং বিভিন্ন কারণে বিলম্বিত হয়েছে। বর্তমানে সবচেয়ে বড় বাধা হলো মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি। কালাদান মহাসড়ক এমন এলাকায় অবস্থিত, যেখানে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও জাতিগত সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সক্রিয় সংঘাত চলছে। একইভাবে ত্রিপক্ষীয় মহাসড়কের যে অংশে কাজ চলছিল, সেটিও এমন এলাকায়, যেখানে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা প্রবল।’

তিনি বলেন, ‘তবুও আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। যেখানে যুদ্ধবিরতির সাময়িক সুযোগ তৈরি হয়েছে কিংবা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে, সেখানে আমরা কাজ এগিয়ে নিতে পেরেছি। তবুও এটি আমাদের জন্য একটি বড় অগ্রাধিকার হিসেবে রয়ে গেছে। প্রধানমন্ত্রী আজ বিষয়টি উত্থাপন করেছেন এবং প্রেসিডেন্ট আবারও আশ্বাস দিয়েছেন যে, প্রকল্পগুলো সম্পন্ন করার জন্য মিয়ানমার সর্বাত্মক চেষ্টা করবে।’

রাজনীতি/আইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিম তীরে হামলা: ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের হামলা মুসলমানদের বিরুদ্ধে চরমপন্থী ও উসকানিমূলক কর্মকাণ্ডের শামিল, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

১ দিন আগে

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা করবেন। ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে নেতানিয়াহুর সঙ্গে তার সপ্তম বৈঠক। ট্রাম্পের চলতি মেয়াদে অন্

১ দিন আগে

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন হার্নান্দেজ। ২০২২ সালের এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং ২০২৪ সালে মার্কিন আদালত তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেন। তবে শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পরবর্তীতে ট্রাম্প তাকে ক্ষমা করেন।

১ দিন আগে

ইসরায়েলি মদদে পশ্চিমতীরে উগ্র বসতি স্থাপনকারীদের ভয়াবহ তাণ্ডব

নাবলুসের নিকটবর্তী তাল শহরে উগ্র বসতি স্থাপনকারীদের অবৈধ প্রবেশের পর ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে দুই ইসরায়েলি নিহত হলে পুরো পশ্চিম তীরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে