সরাসরি

কুয়েতে বিধ্বস্ত বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান

০৯: ৫২

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫

শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।

এর আগে রোববার ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছিল বলেও জানিয়েছিল রেড ক্রিসেন্ট।

অন্যদিকে ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে।

০৯: ০৮

০৯: ০৮

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এসব বিমানের থাকা সব ক্রু বেঁচে গেছেন।

আজ জাজিরার খবরে বলা হয়েছে, কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার (২ মার্চ) সকালে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ক্রুদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল।

কুয়েত সেনাবাহিনীর অফিশিয়াল ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ক্রুদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সরকারি মুখপাত্র আরও জানিয়েছেন, চলমান পরিস্থিতি নিয়ে বন্ধুত্বপূর্ণ মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করা হয়েছে। যৌথ প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ নির্ধারণের জন্য অনুসন্ধান কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

০৮: ৪৮

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান: আইডিএফ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান: আইডিএফ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরায়েলের তেল আবিবের একটি এলাকা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে মোবাইল ফোনে ‘সতর্কতামূলক নির্দেশনা’ পাঠানো হয়েছে।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে আইডিএফ এ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সবাইকে দ্রুত সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

এর আধা ঘণ্টা পর আরেক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, মানুষ এখন সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবেন। তবে ওই স্থানগুলোর কাছাকাছি থাকতে বলা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরান নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে বলে খবর এসেছে। ফার্স নিউজ এজেন্সি লিখেছে, ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

এর মধ্যেই ইরাকি শহর এরবিলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আলজাজিরায় খবরে বলা হয়েছে।

০৭: ৫৬

কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে এফ-১৫ যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ছবি: ভিডিও থেকে

কুয়েতে আগুন ধরে যাওয়ার পর একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এটি ভূপাতিত করা হয়েছি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিমান বিধ্বস্ত হওয়ার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। আল জাজিরা ভিডিও যাচাই করে জানিয়েছে, কুয়েত সিটি থেকে ৩২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল জাহরা শহরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ঘন ধোঁয়া উড়ছে। বিমান থেকে দুই পাইলট নিরাপদে ‘ইজেক্ট’ করতে সক্ষম হয়েছেন বলেও জানিয়েছেন আল জাজিরার স্থানীয় সংবাদদাতা।

এফ-১৫ যুদ্ধবিমান অত্যন্ত ব্যয়বহুল। এর আধুনিকতম সংস্করণ ‘এফ-১৫ইএক্স ঈগল ২’-এর দাম প্রতি ইউনিটে প্রায় ৯৪ থেকে ৯৭ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। বিশালাকার ও দুই ইঞ্জিনের এই শক্তিশালী যুদ্ধবিমানের গতিবেগ ঘণ্টায় দুই হাজার ৬৫৫ কিলোমিটারের বেশি। আকাশযুদ্ধে এর সাফল্যের রেকর্ড এখন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী।

০৭: ৫০

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা
সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার পর আগুন লাগে। ছবি: সংগৃহীত

সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পর সেখানে আগুন লেগে যায়। তবে দ্রুতই আগুন নেভানো হয়েছে।

এক্স-এ প্রকাশিত এক পোস্টে মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোরের একজন প্রতিবেদক জানিয়েছেন, সৌদি তেল অবকাঠামোতে এ হামলা চালিয়ে থাকতে পারে ইরান।

ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলার পর সতর্কতা হিসেবে এ শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রাস তানুরা বিশ্বের বৃহৎ তেল শোধনাগার এবং রপ্তানিকারকদের মধ্যে একটি। এটি সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার, যার দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় সাড়ে পাঁচ লাখ ব্যারেল।

০৭: ৪৩

৩ দিনে ঢাকার ১০২ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে তিন দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, পরদিন ১ মার্চ ৪০টি ও আজ ২ মার্চ এখন পর্যন্ত ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এসব ফ্লাইটের গন্তব্য ছিল ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের মতো দেশ; যারা সবাই যুদ্ধ পরিস্থিতির জন্য আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, এয়ার অ্যারাবিয়া, জাজিরা এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার ও কুয়েত এয়ারওয়েজসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনস রয়েছে ফ্লাইট বাতিল হওয়া এয়ারলাইন্সের তালিকায়।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে।

ফ্লাইট বাতিলের কারণে বহু যাত্রী বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

০৭: ৩৭

কাতার-বাহরাইন-আমিরাতে বিস্ফোরণ, কুয়েতে মার্কিন দূতাবাসে ধোঁয়া

কাতার-বাহরাইন-আমিরাতে বিস্ফোরণ, কুয়েতে মার্কিন দূতাবাসে ধোঁয়া
কুয়েতে মার্কিন দূতাবাস এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বাহরাইনের রাজধানী মানামা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইতেও। অন্যদিকে কুয়েতে মার্কিন দূতাবাস এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান এসব দেশে হামলা চালিয়ে আসছে মার্কিন ঘাঁটি থাকার কারণে।

এদিকে কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে। এ পরিস্থিতিতে দূতাবাসের কর্মীরা বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।

রয়টার্স ও এএফপি জানিয়েছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীসহ অ্যাম্বুলেন্স দেখা গেছে। ধোঁয়া দেখা যাওয়ার পর দূতাবাসে যেন কেউ না যায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তাদের সবাইকে বাসায় অবস্থান করতে বলা হয়েছে।

মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, দূতাবাসে আসবেন না। আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন। বাইরে যাবেন না।

কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকরা যে যেখানেই আছেন, সেখানেই আশ্রয় নিতে এবং হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে বলেছে দূতাবাস। পাশাপাশি সম্ভাব্য অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে।

০৬: ৫৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: লারিজানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: লারিজানি
আলি লারিজানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনায় যাবে না বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তাবিষয়ক প্রধান আলী লারিজানি। ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পাশাপাশি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন লারিজানি। তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি।

সদ্যপ্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লারিজানি ইরান সংসদে স্পিকার ছাড়াও আলি খামেনির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। তবে তার প্রার্থিতা বাতিল করে দেয় গার্ডিয়ান কাউন্সিল। আলি খামেনির মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছিল, আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছেন লারিজানি।

এ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন আলী লারিজানি। তিনি এক কথায় লিখেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতারা যারা আছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী।

দ্য আটলান্টিককে ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি কথা বলার জন্য রাজি আছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব। তাদের এটা আগেই করা উচিত ছিল।’

০৬: ৪০

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৩১

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৩১
লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স

লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৪৯ জন।

সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। হতাহতের এ সংখ্যা প্রাথমিক বলে জানানো হয়েছে।

ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর জবাবেই লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার সতর্কবার্তা জানিয়ে দেশটির ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

০৬: ৩৪

ইরানে হামলা: ট্রাম্পের বিরুদ্ধে ‘মিথ্যাচারে’র অভিযোগ বার্নি স্যান্ডার্সের

ইরানে হামলা: ট্রাম্পের বিরুদ্ধে ‘মিথ্যাচারে’র অভিযোগ বার্নি স্যান্ডার্সের
বার্নি স্যান্ডার্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। এই হামলা নিয়ে ট্রাম্প ‘মিথ্যাচার’ করেছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টায় নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এমন অভিযোগ তোলেন।

স্যান্ডার্স লিখেছেন, ট্রাম্প বলেছেন ইরানে এ কারণে হামলা করতে হবে যেন তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র না থাকতে পারে। ঘটনা কি আসলেই তাই?

ট্রাম্পেরই গত জুনের এক বক্তব্যের প্রসঙ্গ টেনে স্যান্ডার্স লিখেছেন, এই প্রেসিডেন্টই তো গত জুনে আমাদের বলেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেওয়া হয়েছে।

স্যান্ডার্স গত বছরের জুনের কথা বলেন তার স্ট্যাটাসে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের ওপর হামলা চালিয়েছিল। ১২ দিনের সে যুদ্ধে ইরানের বেশকিছু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সব পারমাণবিক স্থাপনাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের আর পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নেই।

এ কারণেই ট্রাম্পের বক্তব্যকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছেন বার্নি স্যান্ডার্স। লিখেছেন, ‘ভিয়েতনাম, ইরাক, ইরান। আরও একটি মিথ্যা। আরও একটি যুদ্ধ।’

০৬: ১৭

যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ছবি: সংগৃহীত

এর আগে না করলেও এবার নিজেদের সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলার মাধ্যমে পালটা জবাব দিতে শুরু করলে এ কথা জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্য দীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্রের মিত্রদেশ হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের দেশগুলোও নানা স্বার্থের সুবাদে যুক্তরাষ্ট্র বলয়ের অন্তর্ভুক্ত। স্বাভাবিকভাবেই ইরান যুদ্ধে যুক্তরাজ্যসহ মধ্যপ্রাচ্যের সব দেশই যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে।

কিয়ের স্টারমার বলেন, উপসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদাররা নিজেদের রক্ষায় আমাদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছে.... সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে আমাদের ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে রয়েছে... যেগুলো এরই মধ্যেই সফলভাবে ইরানের হামলা প্রতিহত করছে।

ইরানের ক্ষেপণাস্ত্রগুলো উৎসেই ধ্বংস করার কথা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের উৎসমুখেই ধ্বংস করা। অর্থাৎ তাদের সংরক্ষণাগারে বা যেসব লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় সেখানেই ধ্বংস করে দিতে হবে।

যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে বলেও জানান স্টারমার। এর আগে তারা এ অনুমতি না দিলেও এবার তিনি বলেন, ইরান যেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে না ফেলে এবং এমন দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে যারা এই সংঘাতে জড়িত নয়, সে কারণেই আমরা এই অনুরোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

০৬: ০৯

পূর্ণ শক্তিতে যুদ্ধ অভিযান অব্যাহত থাকবে— ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প

পূর্ণ শক্তি নিয়ে ইরানে হামলা অব্যাহত রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তাদের কিছু ‘লক্ষ্য’ রয়েছে। সেগুলো যতক্ষণ না অর্জন হচ্ছে ততক্ষণ তারা অভিযান অব্যাহত রাখবেন।

সোমবার (২ মার্চ) প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প এমন বার্তা দেন। তিনি বলেন, যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

ট্রাম্প আরও বলেন, দুঃখজনকভাবে আরও বেশি মার্কিন সেনা হতাহতের আশঙ্কা রয়েছে। তবে এটিই একমাত্র পথ। যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সন্ত্রাসীদের ওপর সবচেয়ে শাস্তিমূলক আঘাত করবে।

ইরানের বিভিন্ন সংস্থাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আবারও রেভ্যুলেশনারি গার্ডস ও ইরানি মিলিটারি পুলিশকে তাদের অস্ত্র সমর্পণ করতে আহ্বান জানাচ্ছি। এতে তারা সম্পূর্ণ দায়মুক্তি পাবে। তা না হলে নিশ্চিতভাবে মৃত্যুর মুখোমুখি হতে হবে। এটি নিশ্চিত মৃত্যু হবে, এটি সুন্দর হবে না।

০৫: ৪৮

ইরান যুদ্ধের জের— তেলে উত্থান, পুঁজিবাজারে পতন

ইরান যুদ্ধের জের— তেলে উত্থান, পুঁজিবাজারে পতন
এশিয়ার পুঁজিবাজার। প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির বড় প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। এরই মধ্যে তেলের দাম বাড়তে শুরু করেছে, অন্যদিকে পড়তে শুরু করেছে পুঁজিবাজারের সূচক।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেলের দাম বাড়ছে। এর মধ্যে সোমবার (২ মার্চ) এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই ব্রেন্ট ক্রুড ও নিম্যাক্স লাইট সুইট ওয়েল— দুই ধরনের তেলের দামই বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছিল। পরে তা কিছুটা স্থিতিশীল হলেও ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে।

সবশেষ তথ্য বলছে, ব্রেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম প্রায় ৭৯ দশমিক ৩০ ডলারে পৌঁছে গেছে, যা ৯ শতাংশ বেশি। অন্যদিকে নিমেক্স লাইট সুইট অয়েলের দাম দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭০ ডলারে, যা প্রায় আট দশমিক পাঁচ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ডেও ব্রেন্ট ক্রুডের দর প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।

এর আগে রোববারও (১ মার্চ) ব্রেন্ট ক্রুড তথা অপরিশোধিত তেলের দাম ১০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ১০০ ডলারে পৌঁছাতে খুব একটা সময় লাগবে না।

তেলের বাজারে ঊর্ধ্বমুখীর প্রবতার মধ্যে এশিয়ার পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যচ্ছে। হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ ও জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রে সাধারণ বাজার সময়ের বাইরে লেনদেন হওয়া স্টক ফিউচারের বাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, যা ওয়াল স্ট্রিটে অস্থির দিনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক ও নাসডাক কম্পোজিট সূচক প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে।

০৫: ২৪

মধ্যপ্রাচ্যে ‘নিজেদের স্বার্থ রক্ষা’য় প্রস্তুত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি

মধ্যপ্রাচ্যে ‘নিজেদের স্বার্থ রক্ষা’য় প্রস্তুত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি
(বাঁ থেকে) ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মধ্যপ্রাচ্যে ‘নিজেদের স্বার্থ রক্ষা’য় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে। দেশ তিনটি এক যৌথ বিবৃতিতে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের ‘বাছবিচারহীন ও অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলা’র তীব্র নিন্দা জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্ৎস বিবৃতিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন, তেহরান যেন হামলা বন্ধ করে।

শনিবার ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েলে হামলা শুরু করে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, সেসব দেশেও হামলা করে ইরান।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি সুদীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। এ কারণেই ইরানের ওপর হামলার ঘটনাতেও তারা যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে। এমনকি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যায় ফ্রান্স সন্তোষও জানিয়েছে।

ইউরোপের এই তিন দেশ বলছে, তারা মধ্যপ্রাচ্যে নিজেদের ও তাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। বিবৃতিতে বলা হয়েছে, আমরা আমাদের এবং এই অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ নেব।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা তাদের উৎসমুখেই ধ্বংস করতে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে আমরা প্রস্তুত।

কেবল ইউরোপের এই তিন দেশ নয়, মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশই চলমান যুদ্ধে ইরানের বিপক্ষে ও যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলাকে তারা ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে বিবৃতি দিয়েছে। চীন, রাশিয়া ও পাকিস্তানই কেবল আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে।

০৫: ১৫

হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলের টার্গেটে লেবানন

হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলের টার্গেটে লেবানন
লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের পক্ষ নেওয়ায় এবার লেবাননের বিরুদ্ধে হামলে পড়েছে ইসরায়েল। এরই মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

রোববার (১ মার্চ) দিবাগত রাত ৩টার কিছু আগে শহর জুড়ে হামলা চালায় ইসরায়েল। এ সময় ধারাবাহিক বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠতে হয়েছে সেখানকার বাসিন্দাদের।

এর আগে উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সাইটে একযোগে নির্ভুলভাবে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত বলেছে, এই গোষ্ঠীটি ইসরায়েলের জন্য হুমকি। তারা হিজবুল্লাহর হাতে উত্তর ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি হতে দেবে না।

০৫: ০৮

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই গোষ্ঠী জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনীকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করেছে তারা।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, হিজবুল্লাহর প্রজেক্টাইল হামলার জবাবে লেবাননকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রজেক্টাইল ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে পড়েছে।

হিজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন, যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে। গত শতকের আশির দশকের গোড়ার দিকে ইসরায়েলের বিরোধিতা করার জন্য এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া শক্তি ইরান প্রতিষ্ঠিত করেছিল।

০৪: ৪০

৩য় দিনে ইসরায়েলের হামলা অব্যাহত

৩য় দিনে ইসরায়েলের হামলা অব্যাহত
ইরানের রাজধানী তেহরানে হামলা ইসরায়েলের। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সোমবার (২ মার্চ) ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এ হামলার কথা জানিয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইডিএফ জানিয়েছে, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে আরেক দফা হামলা শুরু করেছে।

০৪: ৪০

রোববার পর্যন্ত যা হয়েছে

  • শনিবার ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার দিনভর হামলার পর রোববারও হামলা অব্যাহত ছিল।
  • ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে শাজারে তাইয়েবা বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় নিহতের সংখ্যা দেড় শ ছাড়িয়ে গেছে।
  • সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরান। তার অবর্তমানে আপাতত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ গঠিত হয়েছে।
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করা সম্ভব হবে।
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাদের হামলায় আলি খামেনিসহ ইরানের অন্তত ৪৮ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।
  • আলি খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, তিনিও বৈঠকে বসতে রাজি।
  • যেভাবে হামলা চালিয়ে আলি খামেনিকে হত্যা করা হয়েছে, তার নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া ও পাকিস্তান। তবে এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স।
  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। আরও বড় আকারে হামলা হবে।
  • ইরানের ওপর হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ।
  • ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
  • ইসরায়েল জানিয়েছে, ইরানের হামলায় গত দুই দিনে তাদের ৯ জন নাগরিক নিহত হয়েছে।
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরান পালটা হামলা শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এমন এক হামলায় এক প্রবাসী বাংলাদেশিসহ তিনজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। একজন নিহত ও ৩২ জন আহত হওয়ার তথ্য দিয়েছে কুয়েত।
  • ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেছেন, তাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আলি খামেনির দেখানো পথে ইরান এগিয়ে যাবে।
  • যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। তবে এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
  • ইরান সংঘাত ঘিরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলের ফ্লাইট বাতিল ও ডাইভার্ট করে দিচ্ছে।