ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলে আমরাও ইরানকে দেব না—যুক্তরাষ্ট্রকে রাশিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মস্কো যুক্তরাষ্ট্রকে একটি ‘কুইড প্রো ক্যুয়ো’ বা বিনিময় প্রস্তাব দিয়েছে। যার অধীনে ক্রেমলিন ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করা বন্ধ করবে। যেমন মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান আর ইরানকে দেবে না। বিনিময়ে ওয়াশিংটনকেও ইউক্রেনকে রাশিয়া সম্পর্কিত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করতে।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার বিষয়ে অবগত দুই ব্যক্তি জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কাছে এই প্রস্তাব দেন।

নাম প্রকাশে অনিচ্ছুত ওই দুই ব্যক্তি আরও জানান, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। আলোচনার সংবেদনশীলতার কারণে এই প্রতিবেদনে উদ্ধৃত অন্যান্য কর্মকর্তাদের মতো তাদের পরিচয়ও গোপন রাখা হয়েছে। দিমিত্রিয়েভ এক্সে দেওয়া এক পোস্টে এই প্রস্তাবের খবরকে ‘ভুয়া’ বলে দাবি করেন।

তবুও এমন প্রস্তাবের অস্তিত্বই ইউরোপীয় কূটনীতিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা, আটলান্টিকের দুই পাড়ের দেশগুলোর পারস্পরিক সম্পর্কের এই গুরুত্বপূর্ণ সময়ে মস্কো ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্রদের অনীহায় ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার তিনি ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বলে আখ্যা দেন এবং বলেন, ‘আমরা এটা মনে রাখব!’

হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশিংটনে রুশ দূতাবাসও মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক রুশ প্রস্তাবটিকে ‘চরম আপত্তিকর’ বলে মন্তব্য করেন। প্রস্তাবিত এই সমঝোতা ইউরোপে ইতিমধ্যে বাড়তে থাকা সন্দেহকে আরও উসকে দিতে পারে যে উইটকফ-দিমিত্রিয়েভ বৈঠকগুলো ইউক্রেন শান্তি চুক্তির দিকে কোনো বাস্তব অগ্রগতি আনছে না; বরং মস্কো এগুলোকে দুই শক্তির মধ্যে এমন একটি চুক্তির সুযোগ হিসেবে দেখছে, যেখানে ইউরোপকে পাশ কাটানো হবে।

বৃহস্পতিবার ক্রেমলিন জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন শান্তি আলোচনা ‘স্থগিত’ রয়েছে। আলোচনার বিষয়ে অবগত আরেক ব্যক্তি বলেন, রাশিয়া ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন প্রস্তাব দিয়েছে, যা সবই প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি আরও জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের একটি প্রস্তাবও যুক্তরাষ্ট্র নাকচ করেছে—যা প্রথম প্রকাশ করেছিল অ্যাক্সিওস।

যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সামরিক সহযোগিতা বাড়িয়েছে বলে গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ খবর প্রকাশ করে এবং জানায়, তেহরানকে অঞ্চলে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে সহায়তা করতে মস্কো স্যাটেলাইট ছবি ও ড্রোন প্রযুক্তি দিচ্ছে। ক্রেমলিন এই প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেছে।

ফক্স নিউজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করা ও ইউক্রেন ইস্যুর মধ্যে সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত দেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সম্ভবত তাদের (ইরানকে) একটু সাহায্য করছেন, হ্যাঁ, আমার ধারণা, এবং তিনি হয়তো মনে করেন আমরাও ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?’

অন্যান্য সহায়তা কমালেও যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি চালিয়ে যাচ্ছে। গত বছর ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে এক ব্যর্থ বৈঠকের পর ওয়াশিংটন সাময়িকভাবে এই তথ্য বিনিময় বন্ধ করেছিল। ওই আকস্মিক সিদ্ধান্ত মিত্রদের মধ্যে ব্যাপক অস্থিরতা তৈরি করে এবং কিয়েভের সঙ্গে অংশীদারত্বে গভীর টানাপোড়েন প্রকাশ করে দেয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, উন্মুক্ত হচ্ছে ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

রয়টার্স জানিয়েছে, বর্তমানে সমুদ্রের বিভিন্ন প্রান্তে জাহাজে প্রায় ১৭০ মিলিয়ন বা ১৭ কোটি ব্যারেল ইরানি তেল মজুত রয়েছে। তবে পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি আসপেক্টস গত ১৯ মার্চ এই মজুতের পরিমাণ ১৩ থেকে ১৪ কোটি ব্যারেল বলে প্রাক্কলন করেছিল।

৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ-মেরিন সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় আড়াই হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হবেন।

৭ ঘণ্টা আগে

ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের এই ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা ইরানের ঘোষিত সামরিক সক্ষমতা ছাড়িয়ে গেছে। যদিও একটি ক্ষেপণাস্ত্র যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং অন্যটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় বাধাগ্রস্ত হয়, তবে এই পদক্ষেপ ওয়াশিংটন ও লন্ডনের জন্য এক বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি কর

৮ ঘণ্টা আগে

ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা এবং জ্বালানি অবকাঠামোতে হামলার আশঙ্কায় যখন বিশ্ব অর্থনীতি হুমকির মুখে, তখন ওয়াশিংটনের এই নমনীয় অবস্থান বাজার স্থিতিশীল করতে কতটা ভূমিকা রাখে—এখন সেটিই দেখার বিষয়।

৯ ঘণ্টা আগে