মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার শক্তি ইরানের আছে, খামেনির হুঁশিয়ারি

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনেভায় পরোক্ষ আলোচনা চললেও ওয়াশিংটনের প্রতি নিজের কঠোর অবস্থানে অনড় রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। দিয়েছেন হুঁশিয়ারি।

একদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন চুক্তির ‘নির্দেশনামূলক নীতি’ বিষয়ে ঐকমত্যের কথা বলে আশার আলো দেখাচ্ছেন, ঠিক তখনই সর্বোচ্চ নেতা খামেনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আলোচনাকে ‘বোকামি’ এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। ওমানের মধ্যস্থতায় চলা এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই পারস্য উপসাগরে মার্কিন রণতরির উপস্থিতি এবং ইরানের সামরিক মহড়াকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা বিরাজ করছে।

কূটনীতি ও সামরিক শক্তির এই পাল্টাপাল্টি প্রদর্শনীতে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজার নতুন করে অস্থিরতার মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ৮৬ বছর বয়সী এই সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা পতনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, ‘এটি একটি ভালো স্বীকারোক্তি। কিন্তু আপনারা ভবিষ্যতেও এটি করতে পারবেন না।’

উল্লেখ্য, চলতি সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে, ইরানে সরকার পরিবর্তন হওয়া হবে ‘সবচেয়ে ভালো ঘটনা’।

খামেনি তার বক্তব্যে ধর্মীয় প্রতীক ব্যবহার করে বর্তমান মার্কিন নেতাদের ‘দুর্নীতিবাজ’ হিসেবে অভিহিত করেন এবং তাদের প্রতি আনুগত্য প্রকাশ না করার ঘোষণা দেন। পরমাণু শক্তি প্রসঙ্গে তিনি বলেন, তারা আলোচনার কথা বলে মূলত আমাদের পরমাণু শক্তি কেড়ে নিতে চায়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার মতো কোনো ‘বোকামি’ দাবি মেনে নিয়ে প্রকৃত আলোচনা হতে পারে না।

খামেনির এই কঠোর বার্তার কয়েক ঘণ্টা আগেই জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শেষে ইতিবাচক মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সাংবাদিকদের বলেন, গত দফার তুলনায় এবার অত্যন্ত গম্ভীর ও গঠনমূলক পরিবেশে আলোচনা হয়েছে। আমরা কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি এবং চুক্তির নির্দেশনামূলক নীতি নির্ধারণ করেছি। আশা করছি, দ্রুতই একটি খসড়া নথি তৈরি করা সম্ভব হবে।

ওমানের মধ্যস্থতায় চলা এই আলোচনায় তেহরান মূলত ২০১৮ সালে ট্রাম্প কর্তৃক বাতিল করা পরমাণু চুক্তির পর আরোপিত কঠোর নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের ওপর জোর দিচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। উভয় পক্ষই ওমানের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

ওয়াশিংটনের দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে হবে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং লেবানন, ইরাক, ইয়েমেন ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) প্রতি সমর্থন বন্ধ করার শর্তও দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এসব দাবিকে ‘রেড লাইন’ বা সীমা লঙ্ঘন হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে।

পরিবর্তে ইরান ইউরেনিয়াম লঘুকরণ এবং সম্ভাব্য চুক্তিতে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক অংশীদার করার প্রস্তাব দিয়েছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামিদ ঘানবারি পরামর্শ দিয়েছেন যে, ইরান যুক্তরাষ্ট্রকে জ্বালানি সরবরাহ করতে পারে কিংবা মার্কিন বিমান ক্রয় করতে পারে। তবে দুই দেশের বর্তমান বৈরী অবস্থানে এসব প্রস্তাব কতটুকু বাস্তবসম্মত, তা নিয়ে সংশয় রয়েছে।

জেনেভা আলোচনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ইরানের মুদ্রা রিয়ালের মান আরও কমে গেছে। বর্তমানে এক ডলারের বিপরীতে রিয়ালের মান দাঁড়িয়েছে ১৬.৩ লাখে, যা প্রায় রেকর্ড নিম্নমুখী। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পরিচালক আলি ভায়েজ বলেন, ‘এত দ্রুত শেষ হওয়া আলোচনা নিয়ে আশাবাদী হওয়া কঠিন। ২০১৫ সালের চুক্তিতে আড়াই বছর সময় লেগেছিল। এই স্বল্প সময়ের আলোচনা ইঙ্গিত দেয় যে, হয়তো দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনও অনেক বেশি।’

এদিকে মাঠপর্যায়ে সামরিক উত্তেজনা কমেনি। পারস্য উপসাগরে দ্বিতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কৌশলগত হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে। আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্দেশ পেলে তারা বিশ্ব জ্বালানি সরবরাহের ২০ শতাংশ বহনকারী এই জলপথটি বন্ধ করে দিতে প্রস্তুত। মঙ্গলবার মহড়া চলাকালীন কয়েক ঘণ্টার জন্য হরমোজ প্রণালী বন্ধ রাখা হয়েছিল।

ইরানের সংবাদপত্রগুলোতেও এই পরিস্থিতির প্রতিফলন ঘটেছে। তেহরানের ‘হামশাহরি’ পত্রিকা শিরোনাম করেছে—‘জেনেভা থেকে হরমুজ প্রণালী পর্যন্ত শক্তি প্রদর্শন’। অন্যদিকে রক্ষণশীল ‘ফারহিখতেগান’ দাবি করেছে, ইরানি আলোচকরা জেনেভায় শক্তিশালী অবস্থান নিয়ে গেছেন। তবে সামগ্রিকভাবে কোনো পক্ষই অদূর ভবিষ্যতে বড় কোনো চুক্তির সম্ভাবনা দেখছে না।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পরমাণু চুক্তির আশায় ‘গুঁড়ে বালি’, ইরান যুদ্ধের সমাপ্তি হরমুজের দরজায়?

ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে

২০ ঘণ্টা আগে

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার নতুন মহাসচিব মোহসেন রেজায়ি

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) মহাসচিব পদে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সমন্বয়কারী গুরুত্বপূর্ণ এ পরিষদে মোহাম্মদ বাঘের জোলগদরের স্থলাভিষিক্ত হয়েছেন ৭১ বছর বয়সী রেজায়ি।

২১ ঘণ্টা আগে

সৌদির অগ্নিকাণ্ডে ১৬ প্রাণহানি, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ওই দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

১ দিন আগে

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

২ দিন আগে