ইরানে ‘কঠোর আঘাতে’র হুঁশিয়ারি ট্রাম্পের, কয়েক ঘণ্টা পর প্রত্যাহার

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর আঘাত’ করার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থান বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ইরানে বিমান হামলা ও বোমাবর্ষণের পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে আলোচনা দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে উত্থাপিত ও অনুমোদিত হয়েছে। সেই প্রেক্ষাপটে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ রাতের জন্য নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছি।’

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘোষণার আগে ট্রাম্প ইরানকে ‘খুব কঠোর আঘাত’ করার হুমকি দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, ইরানের নৌ বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও আক্রমণাত্মক সামরিক সক্ষমতার বড় অংশ এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তিনি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন।

খার্গ দ্বীপ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল এই টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়, যার বড় অংশের গন্তব্য চীন। বিশ্লেষকদের মতে, দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার যেকোনো প্রচেষ্টা সংঘাতকে আরও বিস্তৃত আকার দিতে পারত।

তবে সবশেষ ঘোষণায় ট্রাম্প সামরিক পদক্ষেপের বদলে আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন। যদিও তিনি আলোচনায় কোন কোন দেশ জড়িত বা কী ধরনের অগ্রগতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি। শুধু ইঙ্গিত দিয়েছেন, ইরানের নেতৃত্ব ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ইরানকে ঘিরে উত্তেজনা নতুন করে বেড়ে যায় হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ইরানও কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত বিভিন্ন মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করে।

যুদ্ধ শুরুর পর থেকে সংঘাতে হাজারও মানুষ নিহত হয়েছে, যার বেশির ভাগই ইরান ও লেবাননের বাসিন্দা। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। যদিও সাম্প্রতিক দিনগুলোতে তেলের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে, বিনিয়োগকারীরা এখন সামরিক উত্তেজনার চেয়ে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের দিকে বেশি নজর দিচ্ছেন।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা জোরদার হয়েছে বলে একাধিক ইরানি সূত্র ও পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন। আলোচনায় ইরানের জব্দ করা অর্থ ছাড়, নিষেধাজ্ঞা শিথিলকরণ, লেবাননে সংঘাত ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

ট্রাম্পের সবশেষ সিদ্ধান্তে তাৎক্ষণিক সংঘাতের ঝুঁকি কিছুটা কমলেও কূটনৈতিক প্রচেষ্টা কতটা সফল হবে এবং যুদ্ধবিরতির সম্ভাবনা কতটা বাস্তব রূপ পাবে, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৯ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১৯ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে