বেছে ম্যাচ খেলার সিদ্ধান্ত বিশ্বকাপের চেতনা ক্ষুণ্ন করবে: আইসিসি

ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে এ সিদ্ধান্তের কথা আইসিসির দৃষ্টিগোচর হয়েছে। এরপর আইসিসি এ বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে স্পষ্টতই অসন্তুষ্টি জানিয়েছে সংস্থাটি।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেছে বেছে খেলার যে নির্দেশনা, তা আইসিসির দৃষ্টিগোচর হয়েছে। পিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চিঠি পাঠায়নি। তবে বেছে বেছে খেলার এ অবস্থান একটি বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মৌলিক ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ব্যাখ্যা করে আইসিসি বলছে, এমন টুর্নামেন্টে যোগ্যতা অর্জনকারী সব দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে খেলবে— এটিই স্বাভাবিক। আইসিসির টুর্নামেন্টগুলোও গড়ে উঠেছে ক্রীড়াসুলভ সততা, প্রতিযোগিতা, ধারাবাহিকতা ও ন্যায্যতার ভিত্তিতে। এর মধ্যে বেছে বেছে খেলায় অংশ নেওয়ার সিদ্ধান্ত এ প্রতিযোগিতার চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করে।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নীতির প্রশ্নে সরকারগুলোর ভূমিকার প্রতি আইসিসি সবসময় শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে নয় তো বটেই, এমনকি পাকিস্তানের লাখো-কোটি ক্রিকেটভক্তের কল্যাণের পক্ষেও নয় বলে মনে করছেন সংস্থাটি।

আইসিসি আশা প্রকাশ করেছে, পিসিবি বিষয়টি গভীরভাবে বিবেচনা করবে এবং নিজেদের দেশের ক্রিকেটের জন্য এর গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রভাবের কথাও ভাববে। কারণ, এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে— যার একটি সদস্য ও সুবিধাভোগী পাকিস্তান নিজেও।

আইসিসি আরও বলেছে, তাদের প্রধান অগ্রাধিকার হলো আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা। এটি পিসিবিসহ আইসিসির সব সদস্যেরই দায়িত্ব। সংস্থাটি প্রত্যাশা করছে, পিসিবি এমন একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজবে, যেন সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ সুরক্ষিত থাকে।

বিভিন্ন দিকে থেকেই নাটকীয় এবারের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এরই মধ্যে বাদ পড়েছে বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানালে বহু দফা আলোচনার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি। সদস্য দেশগুলোর ভোটাভুটির পর আইসিসি জানায়, বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না গেলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে।

হয়েছেও শেষ পর্যন্ত তাই। বাংলাদেশের বদলে এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে স্কটল্যান্ডকে। তারা আচমকা বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ লুফে নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে।

এর মধ্যে সবশেষ রোববার পাকিস্তান সরকার এক এক্স পোস্টে জানায়, তারা পাকিস্তান জাতীয় দলকে বিশ্বকাপ খেলতে শ্রীলংকায় যাওয়ার অনুমতি দিয়েছে ঠিকই, তবে তাদের দল ভারতের বিপক্ষের ম্যাচটি খেলবে না।

আসন্ন টি-টোয়েন্টি পাকিস্তান রয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের সঙ্গী ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ভারত ও শ্রীলংকায় যৌথভাবে হতে যাওয়া এ বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ পড়েছে শ্রীলংকায়।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। মাঝে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাসাদা স্টেডিয়ামে রয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ। এই ম্যাচটিই পাকিস্তান খেলবে না বলে ঘোষণা দিয়েছে।

আইসিসি জানিয়েছে, ‘হতাশাজনক’ এ সিদ্ধান্তে শেষ পর্যন্ত অনড় থাকলে, অর্থাৎ পাকিস্তান এ ম্যাচটি না খেললে ২ পয়েন্ট হারাতে হবে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা, সিদ্ধান্ত আজ

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

৭ দিন আগে

গোয়েন্দা প্রতিবেদনের আলোকেই ভারতে দল পাঠানো হয়নি: আসিফ আকবর

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও বিসিবি—দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব হয়নি। বিসিবির পরিচাল

৮ দিন আগে

ফের অর্থ বিভাগের দায়িত্বে নাজমুল ইসলাম

গতকালের সভায় বিপিএল, আসন্ন বিশ্বকাপ এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনার টেবিলে ছিল। সেই সভাতেই আনুষ্ঠানিকভাবে নাজমুলের হাতে আগের দায়িত্ব তুলে দেওয়া হয়।

৮ দিন আগে

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

শিরোপা জয়ের সমীকরণ সামনে রেখে ম্যাচের শুরুতে গোল হজম করে কিছুটা চাপে পড়লেও, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে মালদ্বীপের রক্ষণভাগকে তছনছ করে ১২ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় তারা।

৮ দিন আগে