বিশ্বকাপের টিকিট বরাদ্দ বাতিলের অভিযোগ ইরানের

ক্রীড়া ডেস্ক
গ্যালারিতে ইরান সমর্থকদের উল্লাস। ছবি: সংগৃহীত
গ্যালারিতে ইরান সমর্থকদের উল্লাস। ছবি: সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র দুদিন আগে টিকিটের বরাদ্দ বাতিলের অভিযোগ তুলেছে ইরান। দেশটি বলছে, এর ফলে ইরানের যেসব সমর্থক মাঠে হাজির থেকে খেলা দেখার পরিকল্পনা করেছিলেন, তারা আর সে সুযোগ পাবেন না।

মঙ্গলবার (৯ জুন) ইরানের ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) টিকিট বরাদ্দ বাতিলের খবর নিশ্চিত করেছে।

আগামী বৃহস্পতিবার (১১ জুন) শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ইরান এ বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে। সেখানে ১৫ জুন তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের, ২১ জুন বেলজিয়ামের। ২৬ জুন গ্রুপ পর্বে ইরানের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে সিয়াটলে, মিশরের বিপক্ষে।

মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের ফুটবল ফেডারেশন জানায়, এসব ম্যাচের জন্য টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়েছে, কিন্তু এখন সমর্থকদের কাছে টিকিট সরবরাহ করা যাচ্ছে না।

বিবৃতিতে হতাশা প্রকাশ করে এফএফআইআরআই বলেছে, ‘অথচ ইরানের অনেক ফুটবল সমর্থক আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রক্রিয়ায় আস্থা রেখে ম্যাচগুলো দেখার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন।’

বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের ফেডারেশন সেই দেশের প্রতি ম্যাচের জন্য মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ পায়। সেই টিকিট নিয়ম অনুযায়ী সমর্থকদের মধ্যে বিতরণ করা হয়। ইরানের জন্যও এসব টিকির বরাদ্দ থাকার কথা। কিন্তু সেটি করা হয়নি বলেই অভিযোগ ইরানের ফুটবল ফেডারেশনের।

বিবৃতিতে বলা হয়েছে, ন্যায্য ও আনুষ্ঠানিক টিকিট বরাদ্দ থেকে ইরানের সমর্থকদের বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement