কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিশ্বকাপে খেলতে মার্কিন ভিসা পেল ইরান দল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জুন ২০২৬, ১২: ৪১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই ফুটবল বিশ্বকাপে অংশ নিতে মার্কিন ভিসা পেয়েছেন ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা। লস অ্যাঞ্জেলেসে ইরানের প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে ভিসা অনুমোদনের বিষয়টি নিশ্চিত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি খেলোয়াড়দের প্রয়োজনীয় ভিসা দ্রুত অনুমোদন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ জানিয়েছিলেন, জাতীয় দলের সদস্যরা তখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম বারাক ভিসা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আঙ্কারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা ইরান দলের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তবে ভিসা সংক্রান্ত জটিলতা পুরোপুরি কাটেনি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, জাতীয় দলের কারিগরি ও প্রশাসনিক স্টাফদের কয়েকজন সদস্য এখনো ভিসা পাননি। প্রতিবেদনে বলা হয়, দলের কিছু কারিগরি ও নির্বাহী কর্মকর্তার ভিসা এখনো ইস্যু হয়নি এবং যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের আবেদন অনুমোদন করেনি। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সূত্র উল্লেখ করা হয়নি।

এদিকে, ইরান ফুটবল ফেডারেশনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

বিশ্বকাপকে ঘিরে বাড়ছে রাজনৈতিক গুরুত্ব

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান মধ্যে চলমান উত্তেজনার কারণে এবারের বিশ্বকাপ শুধু ক্রীড়া আয়োজনেই সীমাবদ্ধ থাকছে না; এটি ক্রমেই একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরটিকে দুই পক্ষই রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে।

বিশ্বকাপের ইতিহাসেও এটি একটি ব্যতিক্রমী ঘটনা। ১৯৩০ সালে টুর্নামেন্ট শুরুর পর এই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি রাষ্ট্রকে স্বাগত জানাতে যাচ্ছে, যার সঙ্গে তার কার্যত যুদ্ধাবস্থা বিদ্যমান।

ভিসা জটিলতা এবং যুক্তরাষ্ট্রে দলের অবস্থান সীমিত রাখার বিষয়ে ইরানের অভ্যন্তরে বাড়তে থাকা উদ্বেগের কারণে শেষ মুহূর্তে জাতীয় দলের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। ইরান দলের আগামীকাল রোববার ভোরে তিজুয়ানায় পৌঁছানোর কথা রয়েছে।

গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। একই শহরে তারা বেলজিয়ামের মুখোমুখি হবে। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে।

আইআরজিসি সংশ্লিষ্টদের প্রবেশে নিষেধাজ্ঞা

রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ বলেন, যুক্তরাষ্ট্র কখনো আনুষ্ঠানিকভাবে ইরান দলকে নিজেদের ভূখণ্ডে অবস্থান করতে না দেওয়ার কথা জানায়নি। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছেন, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে ইরানের বিশ্বকাপ প্রতিনিধিদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এ প্রসঙ্গে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মাহদি তাজের নামও আলোচনায় এসেছে। তিনি আইআরজিসির সাবেক কমান্ডার। গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশ নিতে গেলে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

রাষ্ট্রদূত পাসানদিদেহের মতে, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে তেহরান এখনো ওয়াশিংটনের সঙ্গে সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজতে আগ্রহী। তিনি বলেন, ‘বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ, এমনকি যাকে তার শত্রুর ভূখণ্ড হিসেবে দেখা হয় সেই যুক্তরাষ্ট্রের মাটিতেও, প্রমাণ করে যে ইরান শান্তি চায়।’

রাজনীতি/আইআর

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

‘ফ্রান্স দলে ফরাসি নেই’ মন্তব্যে স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

স্পেন ও ফ্রান্স— দুই দেশেই এ মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ থেকে শুরু করে ফ্রান্সের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রাহয়ের বক্তব্যকে বিদেশিবিদ্বেষী ও বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।

১ দিন আগে

বিশ্বকাপ ব্যর্থতায় বিয়েলসার পদত্যাগ, উরুগুয়ের নতুন কোচ ফোরলান

২০২৬ ফুটবল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার পদত্যাগের পর দেশটির জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি সাবেক স্ট্রাইকার দিয়েগো ফোরলান। রোববার উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) এ ঘোষণা দেয়।

১ দিন আগে

ভিএআরের সিদ্ধান্তে কেন লাল কার্ড দেখলেন এমবোলো

ঘটনাটি ঘটে ম্যাচের ৭২তম মিনিটে, যখন দুই দল ১-১ সমতায় ছিল। বল নিয়ে আর্জেন্টিনার বাইলাইনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এমবোলো। এ সময় তাকে আটকাতে চ্যালেঞ্জ করেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

২ দিন আগে

ইতিহাসে প্রথমবার র‍্যাংকিংয়ের শীর্ষ ৪ চার দল সেমিফাইনালে

ফিফার সবশেষ আপডেট অনুযায়ী, পুরুষ ফুটবল দলগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। দ্বিতীয় স্থান লিওনেল মেসির আর্জেন্টিনার। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে লামিনা ইয়ামালের স্পেন। আর হ্যারি কেইনের ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। সে হিসাবে র‍্যাংকিংয়ের প্রথম ও তৃতীয় দল মুখোমুখি হ

২ দিন আগে