সাফের ফাইনালে ভারতের কাছে হার, হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৬, ২১: ২৫
ভারতের কাছে ৩-১ গোলে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন অধরাই থেকে গেল বাংলাদেশের। ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে সেই স্বপ্ন অধরাই থেকে গেল। এই জয়ে ষষ্ঠবারের মতো সাফের শিরোপা ঘরে তুলেছে ভারত।

শনিবার (৬ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে হয়েছে মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমাদের।

ম্যাচের শুরুতে দুই দলই সতর্ক ফুটবল খেললেও প্রথম ভালো সুযোগ পায় বাংলাদেশ। ১২ মিনিটে ঋতুপর্ণা চাকমার বাড়ানো বল থেকে শামসুন্নাহার জুনিয়র গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। দুই মিনিট পর আরেকটি সম্ভাবনাময় সুযোগ নষ্ট করেন তহুরা খাতুন।

বাংলাদেশের আক্রমণের জবাব দিতে থাকে ভারতও। তবে গোলরক্ষক মিলি আক্তারের দৃঢ়তায় প্রথমার্ধের বেশিরভাগ সময় গোলশূন্য ছিল ম্যাচ। ৩৮ মিনিটে মনিষা কল্যাণের বিপজ্জনক শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন তিনি।

অবশেষে ৪২ মিনিটে এগিয়ে যায় ভারত। পেয়ারি জাজার শট বাংলাদেশের ডিফেন্ডার সুরভী আক্তারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে গেলে ১-০ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা।

তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে আনিকা রানিয়া সিদ্দিকার পাস থেকে তহুরা খাতুন বল বাড়িয়ে দেন ঋতুপর্ণা চাকমাকে। বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে নেওয়া ঋতুপর্ণার নিখুঁত কোনাকুনি শট ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। তার গোলে ১-১ সমতায় ফিরেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ধাক্কা খায় পিটার বাটলারের দল। খেলা শুরুর মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় পেয়ারি জাজার ক্রস থেকে হেডে গোল করে ভারতকে আবারও এগিয়ে দেন সানফিদা।

গোল শোধের চেষ্টায় আক্রমণের তীব্রতা বাড়ায় বাংলাদেশ। ৫১ মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৮ মিনিটে শামসুন্নাহারকে বক্সের মধ্যে ফেলে দেওয়া হলে বাংলাদেশ পেনাল্টির দাবি জানালেও রেফারি তা নাকচ করে দেন।

ম্যাচে ফেরার জন্য মরিয়া বাংলাদেশকে শেষ দিকে আরও বড় ধাক্কা দেয় ভারত। ৮৩ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে কম সেরতো তৃতীয় গোলটি করলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা পুনরুদ্ধার করে ভারত।

অন্যদিকে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশের স্বপ্ন ভেঙে গেল ফাইনালের মঞ্চে। তবে শিরোপা না জিতলেও পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের মেয়েদের লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ফুটবলপ্রেমীদের।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

‘সব ভুলে যাও’— মেসির বক্তব্য ঘিরে নতুন আলোচনা

মেসির এই বক্তব্যের শেষ অংশই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভিডিওতে সতীর্থদের উত্তেজিত মনে না হলেও প্রশ্ন উঠেছে, তিনি ঠিক কোন বিষয় ‘ভুলে যেতে’ বলেছিলেন।

৬ দিন আগে

ফিফার ওপর ক্ষুব্ধ উয়েফা সভাপতি সেফরিন, দেখতে যাননি ফাইনাল ম্যাচ

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে ঘিরে। শেষ ষোলোতে লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। এই সিদ্ধান্তের পর উয়েফা প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানায়।

৬ দিন আগে

১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

দুই বছর বিরতির পর ২০২৫ সালে আসরটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। সাম্প্রতিক সাফ সভায় সেই জটিলতার সমাধান হয়।

৬ দিন আগে

ফাইনাল শেষে মারপিট: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

প্রথমে ফিফা জানিয়েছিল যে, স্পেনের এরিক গার্সিয়ার গলায় ধাক্কা দেওয়ার কারণে রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে লাল কার্ড দেখিয়েছেন। তবে অল্প সময় পরই পারেদেসের লাল কার্ডটি নথি থেকে সরিয়ে ফেলা হয় এবং ফিফা বিবিসি স্পোর্টকে নিশ্চিত করে যে তখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

৬ দিন আগে