ওয়ানডে বিশ্বকাপ ২০২৭

পরামর্শক নিয়োগ দিতে চায় বিসিবি, আলোচনায় ডি ভিলিয়ার্স-ডোনাল্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
এবি ডি ভিলিয়ার্স ও অ্যালান ডোনাল্ড
এবি ডি ভিলিয়ার্স ও অ্যালান ডোনাল্ড

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি পরিকল্পনায় নতুন কিছু সংযোজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ম্যালিবংওয়ে মাকেতাকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যে দলের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার মাটিতে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ হওয়ায় মাকেতার স্থানীয় অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি। স্বদেশি হওয়ায় দেশটির কন্ডিশন ও পরিবেশ সম্পর্কে তার ধারণাকে গুরুত্বপূর্ণ মনে করছে বোর্ড।

এর পাশাপাশি বিশ্বকাপের আগে জাতীয় দলের সঙ্গে একজন পরামর্শক যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। সম্ভাব্য পরামর্শকদের তালিকায় দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্সের নাম রয়েছে। আলোচনায় আছেন বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ডও।

তবে এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী। ঢাকা পোস্টকে তিনি বলেন, ভিলিয়ার্সসহ আরও কয়েকজনের নাম তালিকায় রয়েছে। পরামর্শক নিয়োগ দেওয়া হলেও তাদের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি করার পরিকল্পনা রয়েছে।

বিসিবির কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তাও জানিয়েছেন, বিশ্বকাপকে ঘিরে বোর্ডের আরও কিছু পরিকল্পনা রয়েছে। তবে এসব উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়েই আছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement