বুয়েটে আবরার ফাহাদের নামে হল হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুয়েটে ২০২৫-২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

সহপাঠীদের মারধরে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি হল করার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

আজ শনিবার বিকেলে বুয়েটে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির বহু শিক্ষার্থী আবাসন পাচ্ছেন না বলে তুলে ধরে হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা দেখেছি বুয়েট অনেক মেধাবী, আবার এটাও দেখেছি যে ঘটনা বুয়েটে ঘটেছে সে স্মৃতির পাতা থেকে কোনোদিন মুছে যাচ্ছে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা হল করব বটে। তবে এই বুয়েটের মেধাবী ছাত্ররা যে মাঝে মাঝে নষ্ট হতে পারে, সেটা স্মৃতিরপাতায় লেখার জন্য আমরা সেই আবরার নামেও একটি হল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব।’ পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠা করে আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের আবাসনের সমস্যা হলে পড়াশোনায়ও বিঘ্ন ঘটে। বুয়েটের আবাসিক হলগুলোতে সিটের অপ্রতুলতা রয়েছে। এই সমস্যাগুলোর সমাধান করা আমাদেরই দায়িত্ব। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো এবং এই সমস্যার সমাধান করব।’ বুয়েটে শিক্ষার্থী প্রতি মাথাপিছু খরচ অন্যান্য বিশবিদ্যালয়ের থেকে বেশি উল্লেখ করে আসন সংখ্যা বাড়ানোর পরামর্শও দেন তিনি।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী। বুয়েটের উপাচার্য অধ্যাপক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্‌দী আমিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মানোন্নয়নে ‘রিসার্চ গ্র্যান্ট’ বৃদ্ধি করা হবে। এ ছাড়া গবেষণায় ব্যবহৃত ল্যাবগুলো আধুনিক ও মানসম্মত নয়। এখনো অনেক ল্যাবেই পুরনো যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। এগুলোর আধুনিকায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদকে রাতভর নির্যাতন করে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। ওই ঘটনায় ২০২১ সালের ৮ ডিসেম্বর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী জেমিসহ ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

জুলাই অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সড়ক, স্থাপনার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের বদলে শহিদ আবরার ফাহাদ এভিনিউ করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে

৬ ঘণ্টা আগে

‘মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ান’— অর্থমন্ত্রীর প্রতি জয়নুল আবেদীন ফারুক

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে

চীনের করিডোর প্রস্তাব খতিয়ে দেখছে বাংলাদেশ, সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

৮ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ময়মনসিংহের। এ ছাড়া ঢাকা ও খুলনায় একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

৯ ঘণ্টা আগে